শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
পাঁচ দিনের ব্যবধানে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নাধীন দক্ষিণ বারতোপা গ্রামে সোমবার রাতে দুই প্রবাসী ও এক কৃষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলখ্যাত মাওনা ইউনিয়নাধীন দক্ষিণ বারতোপা গ্রামের সৌদি প্রবাসী রাসেল ও মরিসাস প্রবাসী রাজিব এবং কৃষক আব্দুল করিমের বাড়িতে একই রাতে ১৫/১৮ জনের দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতদল ডাকাতি করে। ডাকাতরা মারধর করে তাদের দুজনকে জিম্মি করে দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার-মোবাইলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। এরপর ডাকাতরা পার্শ্ববর্তী কৃষক আব্দুল করিমের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার স্ত্রী আলেয়াকে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১ লাখ ৩ হাজার টাকা ও স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, ঘটনার সাথে সাথেই পুলিশি অভিযান বাড়ানো হয়েছে। খুব শিগগির ডাকাতদের গ্রেফতার করা হবে।
