সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০৯

রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রংপুর অফিস রংপুর মহানগরের আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ৫শ’ কম্বল বিতরণ করা হয়। রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ এসব কম্বল বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেম্বারের পরিচালক মো. শাহজাহান বাবু, মো. মোতাহার হোসেন মন্ডল মওলা, সাবেক সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ডাম্বেল প্রমুখ।

ভাণ্ডারিয়ায় তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদাতা ভাণ্ডারিয়ায় মঙ্গলবার দুপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল বিভাগীয় কার্যালয় সহকারী পরিচালক (আ. দা.) মো. শাহ সোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। এসময় ঝালকাঠী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন। মো. শাহ সোয়াইব মিয়া সাংবাদিকদের জানান, উপজেলার বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাজারের ইসলামী সুইটস এন্ড রেস্টুরেন্ট নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখার অপরাধে ১২ হাজার, শ্যাম লাল সাহা’র মিষ্টি তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ নানা অভিযোগে ১০ হাজার এবং কুন্ড স্টোরে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রবীণদের মাঝে কম্বল ও চাদর বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) উদ্যোগে সোমবার প্রবীণদের মাঝে  কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় (পিকেএসএফ) সংস্থার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই কম্বল এবং চাদর বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী ও মানবিক সাহায্য সংস্থার সমৃদ্ধি এবং ইউমেন্স ক্রেডিট প্রোগ্রামের জোনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন এমএসএস’র সমৃদ্ধি কর্মসূচির সৈয়দপুর উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়ন সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম।

মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা মঙ্গলবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, থানার ওসি নাছির উদ্দিন ভূইয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি ছিদ্দিক, নিকলী সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়া আহমেদ প্রমুখ।

কোটালীপাড়ায় শীতবস্ত্র  বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মঙ্গলবার কোটালীপাড়া উপজেলায় এসএম গোলাম কিবরিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫ শতাধিক গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার টুপুরিয়া গ্রামের কিবরিয়া সুপার মার্কেট চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এসএম গোলাম কিবরিয়া কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. ফেরদৌস শেখের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, সমাজসেবক হাফিজুর রহমান মৃধা, যুবলীগ নেতা অ্যাডভোকেট এম তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা এইচ এম মহিউদ্দিন নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

৭১০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে বাংলাদেশ স্কাউটস বালিয়াকান্দির আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী ৭১০তম স্কাউটিং (কাব) বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা কাপ স্কাউটের সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা। স্কাউট কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, স্কাউটসের সম্পাদক অখিল কুমার কুন্ডু, সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ-সভাপতি আ. সালাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা

কুমিল্লা প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুমিল্লায় মঙ্গলবার সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএন উমেন-এর উদ্যোগে ও কানাডা সরকারের সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভায় বক্তব্য রাখেন ইউএন উমেন-এর কান্ট্রি প্রতিনিধি সোকো ইশিকাওয়া, কানাডার হাই কমিশনের প্রথম সচিব (উন্নয়ন) ত্রিনা ওভিয়েদু, সিনিয়র গবেষক কামরুল আহসান প্রমুখ।