ইলেকট্রনিক পণ্যে মূল্যছাড়ের ছড়াছড়ি

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:১০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ হয়েছে ইলেকট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠানগুলোর নানা অফার আর মূল্যছাড়। তবে মূল্যছাড়ের কৌশলটা প্রতিষ্ঠানভেদে ভিন্ন রকম। ক্রেতা আকৃষ্ট করতে কেউ দিচ্ছেন সচরাচর দামের উপর নির্দিষ্ট শতাংশ মূল্যছাড়। কেউ রেখেছে উপহারের ব্যবস্থা। আবার কোনো কোনো প্রতিষ্ঠান মূল্যছাড় এবং উপহার দুটোই দিচ্ছে। কেউ বিদেশ ভ্রমণের ব্যবস্থা পর্যন্ত রেখেছে। এসব নিয়ে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এক ধরনের নীরব প্রতিযোগিতায় নেমেছে। সবমিলিয়ে মেলার ইলেকট্রনিক্স পণ্যের উপর পাঁচ থেকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় মিলছে। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এবারের মেলায় ক্রেতাদের বেশি নজর কাড়ছে এলইডি টিভি। জমে উঠেছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইসকুকার, মাইক্রোওভেনের মতো পণ্যের বেচাকেনা। বিদেশি ব্রান্ডের পাশাপাশি দেশি ব্র্যান্ডের পণ্য ক্রেতাদের মন কেড়েছে।

দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন এবারের মেলায় ৯৫ ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য প্রদর্শন এবং বিক্রি করছে তাদের প্যাভিলিয়নে। মেলায় এসব পণ্যের প্রায় এক হাজার বৈচিত্র্যময় মডেল পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, ওয়ালটন এবারের মেলায় পাঁচ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। এর মধ্যে ফ্রিজে প্রতিষ্ঠানটি দিচ্ছে ১০ শতাংশ মূল্যছাড়। প্রতিষ্ঠানটির ফ্রিজের নিম্নে ১৬ হাজার ৭৫০ টাকা থেকে ৫৬ হাজার ১০০ টাকার মধ্যে। অন্যদিকে প্রতিষ্ঠানটি তাদের টিভিতে আট শতাংশ মূল্যছাড় দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাবেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। ক্যাশ ভাউচার ছাড়াও পেতে পারেন মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, ল্যাপটপ, ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ অসংখ্য পণ্য ফ্রি।

প্রতিষ্ঠানটির সচরাচর পণ্যের পাশাপাশি নিয়ে এসেছে বিভিন্ন মডেলের ল্যাপটপ। মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক মোস্তফাজ্জামান জানান, ক্রেতাদের চাহিদা ও রুচির ভিন্নতা অনুযায়ী বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৩৪টি ভিন্ন মডেলের ল্যাপটপ। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সাশ্রয়ী মূল্যের বেশ কয়েকটি মডেলের ল্যাপটপ। যেগুলোর মূল্য মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা পর্যন্ত। ১৪ দশমিক ১ থেকে ১৫ দশমিক ৬ ইঞ্চি পর্দার এসব ল্যাপটপে ব্যবহূত হয়েছে এইচডি মানের এলসিডি ডিসপ্লে। আছে ১ দশমিক ১ গিগাহার্জ গতির ষষ্ঠ প্রজন্মের কোয়াডকোর প্রসেসর। ৪ গিগাবাইট ডুয়াল চ্যানেল ডিডিআরথ্রিএল র্যাম। ১ টেরাবাইট স্টোরেজ। চার সেলের লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা দেয় পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ। বাণিজ্য মেলায় থাইল্যান্ড ও নেপাল ভ্রমণের সুযোগসহ নানা উপহার এবং মূল্যছাড় ঘোষণা করেছে ভিশন। মেলায় ক্রেতারা ভিশন পণ্য কিনলেই সর্বনিম্ন সাত শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা জানান, মেলা উপলক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন তিনদিন চার রাত ঢাকা-থাইল্যান্ড-ঢাকা এবং ঢাকা-নেপাল-ঢাকা কাপল ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া অন্যান্য উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ভিশনের ২২২ লিটার রেফ্রিজারেটর, ৩২ ও ২২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, এয়ারকুলার, রাইসকুকার এবং ইলেকট্রিক আয়রন। ভিশন ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ জানান, তাদের প্যাভিলিয়নে রয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ টাকা মূল্যের পণ্য। এর মধ্যে সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলে সারাদেশে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে।

এছাড়া ১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা থেকে ৩ লাখ ৭০ হাজার টাকার মধ্যে সনির নতুন চারটি মডেলের ক্যামেরার বডি কিনতে পারছেন ক্রেতারা। এছাড়া প্রতিষ্ঠানটির ক্যামেরার মধ্যে সচরাচর পণ্য তো থাকছেই। সনির এক বিক্রয়কর্মী বলেন, আমাদের পণ্য কিনলে আমরা ডায়মন্ডের কোনো না কোনো পণ্য ফ্রি দিচ্ছি। অন্যদিকে ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে কনকা, হামকোর ইলেকট্রনিক্স পণ্যে।