শিল্পকলায় জাতীয় পিঠা উত্সব

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:১১

আজ ২৩ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী যুগপূর্তি জাতীয় পিঠা উত্সব অনুষ্ঠিত হবে। উত্সব অঙ্গনে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত পিঠাপ্রেমীদের জন্য উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, নৃত্য, অবৃত্তি, সংগীত, কৌতুক, যাদু প্রদর্শনীর আয়োজন থাকবে। আজ বিকাল চারটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উত্সব উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ্ আলম। এ উপলক্ষে গতকাল বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পিঠা উত্সব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ। উপস্থিত ছিলেন একাডেমির সচিব ড. কাজী আসাদুজ্জামানসহ পিঠা শিল্পীবৃন্দ।