ডিএসসিসির খাদ্যে ভেজাল বিরোধী অভিযান
ইত্তেফাক রিপোর্ট
ডিএসসিসির পক্ষ থেকে চলমান খাদ্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত কর্তৃক গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অভিযানের ৭ম দিনে এ পর্যন্ত মোট ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হল।
অঞ্চল-১ এর আওতাধীন ঢাকা মেডিক্যাল এবং শাহবাগ এলাকার কয়েকটি ফার্মেসি এবং হোটেলে অভিযান পরিচালনা করেন আনিক মো: মিজানুর রহমান। এসময় মাহিম ফার্মেসির মাহিম, সোনারগাঁও ফার্মেসির রাজন এবং হোটেল সিলভানা মোস্তফা কামাল প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডে-নাইট ফার্মেসিকে ৫০ হাজার ইউনাইটেড ড্রাগকে ১০ হাজার এবং টি এস মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে খিলগাঁও এলাকায় পরিচালিত অভিযানে ভোলা ভাই বিরানী হাউজের সোহেলকে ২ দিনের কারাদণ্ড প্রদান এবং প্রিন্স হোটেলকে ১০ হাজার, ঢাকা বিরানী এবং কাবাব ঘরকে ১৫ হাজার, নিউ ঢাকা হোটেলকে ৫ হাজার, রাজ্জাক বিরানীকে ৫ হাজার এবং ফুটপাথে খাবার বিক্রেতা ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪ এর আনিক উদয়ন দেওয়ানের নেতৃত্বে আগা সাদেক রোড এলাকায় পরিচালিত অভিযানে যমুনা বেকারী এন্ড কনফেকশনারীর আব্দুস সালামকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া সিটি বেকারী এন্ড কনফেকশনারীকে ৫০ হাজার, আনোয়ার ফুডকে ১০ হাজার এবং সরকার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । অঞ্চল-৫ আনিক মো: শামসুল হকের নেতৃত্বে পূর্ব ধোলাইরপাড় এলাকায় পরিচালিত অভিযানে মাই হোমিও হেলথ কেয়ার ফার্মেসির মনিরুল ইসলাম এবং মিতালী হোটেল এন্ড রেস্টুরেন্টের আজিজুর রহমানকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা ছাড়াও পূবালী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার, ক্যাফে এন্ড জেনারেল স্টোর কনফেকশনারীকে ২০ হাজার এবং ফেমাস হেয়ার কাটিং সেলুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
