ইত্তেফাক রিপোর্ট
বিএনপি আবার দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গত কয়েকদিন ধরে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে তাতে বিশৃঙ্খল অবস্থা তৈরির আশংকা করছি। তবে বিএনপি যদি দেশের মধ্যে এ ধরনের অবস্থা তৈরি করতে চায় তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে এখন অনেক বেশি সক্ষম। গতকাল মঙ্গলবার রাজধানীতে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট এসডিজি রোডম্যাপ প্রণয়ন উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নাসিরুজ্জামান।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো: কবির ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন ইমেরিটাস সায়েন্টিস্ট ড. কাজী এম. বদরুদ্দোজা।
