বিবিসি
সমকামী এক ব্যক্তির সাক্ষাত্কার নেওয়ায় টিভি উপস্থাপককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। মোহম্মদ আল-ঘেইতি তার ব্যক্তিমালিকানাধীন এলটিসি টিভি চ্যানেলে গত বছর আগস্টে একটি ‘টক শো’তে ওই সাক্ষাত্কার নেন। সমকাম নিয়ে প্রকাশ্যে এমন আলোচনার কারণে গিজা শহরের আদালত ঘেইতিকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তিন হাজার মিশরীয় পাউন্ড জরিমানাও করেছে। উপরন্তু কারাভোগের পরও একবছর পর্যন্ত তার ওপর নজরদারির আদেশ দিয়েছে আদালত।
টিভি উপস্থাপক ঘেইতি খোদ অনেক সময় সমকামিতার বিরুদ্ধে কথা বলে আসলেও টিভি সাক্ষাত্কারে ওই সমকামীর সঙ্গে কথা বলেন। সাক্ষাত্কারের সময় সমকামী ব্যক্তিটির পরিচয় গোপন রাখা হয় এবং তার চেহারাও ঝাপসা করে দেখানো হয়। টিভিতে ওই ব্যক্তি একজন যৌনকর্মী হিসেবে তার অভিজ্ঞতা এবং অন্য একজন পুরুষের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন। এ নিয়ে দুঃখও প্রকাশ করেন তিনি।
