পুরনো পিয়ানো কিনে কোটিপতি বনে গেলেন কানাডার এক ব্যবসায়ী। পানির দরে হীরা , সোনা, রুপো-সহ কয়েক কোটি টাকার সম্পত্তি পেয়ে যান ঐ দোকানদার।
জানা গেছে, কানাডার এক গানের শিক্ষক বেটে-জোন রেক-এর একটি পুরনো দামি পিয়ানো ছিল। আর রেকের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল এলাকারই এক পুরনো জিনিসপত্র (অ্যান্টিক)-এর দোকানদার অ্যালেক্স আর্চবল্ডের। রেক জানতেন অ্যালেক্সের পুরনো পিয়ানোর বিষয়ে। অ্যালেক্স নিজেই রেককে প্রস্তাব দেন বাড়ির এই সব জিনিসপত্র কিনে নিতে। এক মাত্র ওই পুরনো পিয়ানোর টানেই ১০ হাজার মার্কিন ডলারে সেগুলি কিনে নেন অ্যালেক্স।
সম্প্রতি রেকের মৃত্যুর পর ওই সম্পত্তি হাতে পান অ্যালেক্স। রেকের সঙ্গে তার দীর্ঘ দিনের পরিচয় থাকলেও অ্যালেক্স কোনও দিন তার বাড়িতে যাননি। কিন্তু এ বার সেই বাড়িতে গিয়ে জিনিসপত্র নাড়াচাড়া করতেই একে একে যেন গুপ্তধন বেরতে থাকে।
অ্যালেক্স ওই ঘর থেকে নক্সা করা দামি পোশাক, দুর্মূল্য পুরনো মুদ্রা, সোনা, হীরার আংটি, টাকা ভর্তি ব্যাগ এমনকি রুপোর ডলারও পেয়েছেন। সেই সঙ্গে অন্যান্য দামি জিনিসপত্র তো রয়েইছে। অ্যালেক্সের ধারণা অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার জিনিসপত্র পেয়েছেন তিনি।
অ্যালেক্স আগেও এমন সম্পত্তি কিনেছেন। আর সেখানে কী কী পাওয়া গেল তা তিনি ভিডিও করে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। এ বারও তিনি তেমনই একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। আর স্বাভাবিক ভাবেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হতে সময়ও নেয়নি।
ইত্তেফাক/এআর
