সিঙ্গাপুরে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদকে নিয়ে সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার প্রায় দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে। দুই-একটি অনলাইন নিউজপোর্টাল তার মৃত্যু সংবাদও প্রকাশ করে ফেলে। তবে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন এরশাদের সঙ্গে থাকা তার একান্ত সচিব (পিএস) ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার গতকাল টেলিফোনে ইত্তেফাককে বলেন, ‘গত শনিবার ঢাকা থেকে এরশাদ যে অবস্থায় সিঙ্গাপুরে গেছেন সেই তুলনায় এখন কিছুটা ভালো। প্রচণ্ড শারীরিক দুর্বলতার কারণে গত কিছুদিন ধরে তিনি একদমই হাঁটতে পারছিলেন না, তবে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে চিকিত্সকদের পরামর্শে তাকে ধরে ধরে কিছুক্ষণ হাঁটানো হয়েছে। সিঙ্গাপুরে হাসপাতালে এরশাদ আইসিইউতেও ভর্তি হননি। তিনি কেবিনে রয়েছেন; কিন্তু তাকে নিয়ে দেশে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন।’
মেজর খালেদ আরও বলেন, ‘জাপা চেয়ারম্যানের এখনকার সবচেয়ে বড় সমস্যা যকৃতের। এ কারণে তিনি পরিমাণমতো খেতে পারছেন না। ফলে শারীরিক দুর্বলতা কাটছে না। চিকিত্সকরা বলেছেন, একটু খাওয়া-দাওয়া করতে পারলেই এই দুর্বলতা কেটে যাবে।’
গতকাল বিকালে এরশাদের ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ইত্তেফাককে বলেন, আগের তুলনায় অবস্থা এখন অনেক ভালো। এদিকে, এরশাদের সুস্থতা কামনায় গতকাল রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুবসংহতি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মঞ্জুরুল ইসলাম বিরোধী দলীয়
নেতার এপিএস
বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুরুল ইসলাম। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এরশাদ যতদিন প্রধান বিরোধী দলের নেতা থাকবেন এবং তিনি অভিপ্রায় পোষণ করবেন, ততদিন মঞ্জুরুল ইসলামের নিয়োগ কার্যকর থাকবে।
