: হুনো দুধের গাই... আরো তো দুধ চাই:
যা প্রয়োজন, খুব সামান্যই পাই।
: খাওন-দাওন নাই: আইজকেরটা কাইল,
কাইলকেরটা বিকালে... আছি যে কী হালে!
: চাইর দিকে তো খরা, কী আর আছে করা...
কত্তো আর ঘাস পাই? খড়কুটাও নাই,
খরচপাতি চড়া, তুইও তো আধমরা:
দুধ না দিলে তোরে দিমুনে জবাই।
: অকম্মা সব বিলাই মোর দুধেই পোষেন,
আবার মোরে দোষেন! বিলাই কিছু দ্যায়?
একটাও কি বিলাই দেন কখনো জবাই!
হুনলে কটুবাক্য দুঃখ কিন্তু পাই।
আরো একখান কথা, দেখেন-না খোঁজ করে:
যারে দিয়ে দুধ দোহান, সেও তো চুরি করে...
: গরু রে রামগরু, সবই আমি জানি:
ইন্দুর মারতে ঘরে বিলাই টাইনা আনি,
সাধে পালি তারে? উঠছে মাথার ছাদে:
লেঙ্গুর ধইরা টানি, খামচায় পিঠে-কাঁধে...
মাঝে-মধ্যে ভাবি ঘরখানা দিই ছেড়ে:
ঘুমের ভিতর দেখি, আব্বা আসেন তেড়ে...
: বিলাই দিলে লাই দশা এমনটাই...
কুত্তা ঢুকান ঘরে, বিলাই যাবে সরে;
আমি দুধের গাই, ক্যান? দেবেন জবাই!
বাঁইচা থাকলে আমি আপনার মরণ নাই...
