মেক্সিকোর পুয়েবলা রাজ্যের সাবেক গভর্নর ম্যারিও ম্যারিনকে সাংবাদিক নির্যাতন করার নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি গুয়েরেরো রাজ্যের আকাপুলকো থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে।
২০০৫ সালে করা বিভিন্ন অভিযোগের সঙ্গে যুক্ত থাকায় তাকে আকাপুলকোয় পাঠানো হয়। আর ঐ বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন। এদিকে এবিসি নিউজের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সাবেক এই গভর্নরকে আদালতে হাজির করা হয়। সেখানে তার শারীরিক অবস্থা তথা কিডনি জটিলতার কথা তুলে ধরে তাকে গৃহবন্দি রাখার জন্য আবেদন করা হয়। এছাড়া করোনা পরিস্থিতিকেও এ সময় সামনে তুলে ধরা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি বিচারক এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। অন্যদিকে প্রেস ফ্রিডম অর্গানাইজেশন বলেছে, সাংবাদিক নির্যাতনে ম্যারিও ম্যারিন যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এক টুইটার বার্তায় ভুক্তভোগী সাংবাদিক কাচো লিখেছেন, ‘শিশু পর্নোগ্রাফি চক্রের সহযোগীদের হাতে নির্যাতিত হওয়ায় আমি ১৪ বছর ধরে ন্যায়বিচার চেয়ে আসছি।’ বর্তমানে বিদেশে থাকা এ সাংবাদিক নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা তুলে ধরতে কাজ করছেন।
