আবদুস ছালাম হাওলাদার
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুস ছালাম হাওলাদার (৬৫) বৃহস্পতিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজায় গার্ড অব অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন প্রমুখ অংশ নেন।
গিয়াস উদ্দিন আহম্মেদ
বাগেরহাটের চিতলমারী উপজেলার মুক্তিযোদ্ধা ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
