টটেনহাম হটস্পারের শিরোপা সম্ভাবনা নিয়ে যে শঙ্কাটা প্রকাশ করছিল সবাই, সেটাই যেন সত্যি হচ্ছে। মূল তারকা হ্যারি কেইনের অনুপস্থিতিতে টানা তৃতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখল জোসে মরিনহোর স্পার্স। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী লন্ডন ডার্বিতে স্পার্সকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে চেলসি। টমাস টুখেলের অধীনে নীল শিবিরের টানা দ্বিতীয় জয় এটি।
হ্যারি কেইন-সন হিউয়েঙ মিন যুগলের নৈপুণ্যে এই মৌসুমে উড়ন্ত সূচনা করেছিল স্পার্স। দ্বিতীয় মৌসুমে লিগ জেতার ধারা স্পার্সে এসেও অব্যাহত রাখবেন মরিনহো, সেই সম্ভাবনাও দেখছিল অনেকে। কিন্তু মৌসুমের কোনো এক পর্যায়ে কেইন বা সন ছিটকে গেলে তাদের বিকল্প কে বা কারা হবে, সেটা নিয়ে শঙ্কা ছিল সবসময়ই। সেই শঙ্কাই এখন সত্যি হচ্ছে। দলের আক্রমণের মূল অস্ত্র হ্যারি কেইনকে ছাড়া হেরেই চলছে স্পার্স। তার অনুপস্থিতিতে কিছুটা অকেজো হয়ে গিয়েছেন সনও। আক্রমণভাগের ‘মোজো’ হারিয়ে ফেলা স্পার্সের মাঠের ফুটবলে বাকি থাকছে শুধু নেতিবাচকতাই। গত বৃহস্পতিবার টটেনহাম হটস্পার স্টেডিয়ামে মরিনহোর চিরপরিচিত ‘নেতিবাচক ফুটবল’-এর চক্রকে চেলসি ভেঙেছে জর্জিনিয়োর এক পেনাল্টিতে। ম্যাচের ২৪ মিনিটে চেলসি ফরওয়ার্ড টিমো ভের্নারকে বক্সের ভেতর ফাউল করেন স্পার্স ডিফেন্ডার এরিক ডায়ার। সেই ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন জর্জিনিয়ো।
