ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানে ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদ উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে ধানমন্ডি ওয়েল ফেয়ার সমিতি। গতকাল জুমার নামাজ শেষে সংগঠনের কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ধানমন্ডিসহ বিভিন্ন মসজিদ কমিটি ও মুত্তয়াল্লিসহ বিভিন্ন সংগঠনের নেতারা এ প্রতিবাদ জানান। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বক্তারা বলেন, বিকল্প ব্যবস্থা না করেই ধানমন্ডি লেকের ভেতরে থাকা আর রহমান জামে মসজিদটি গত ২ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ডিএসসিসি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, এটি লেকের ভেতর নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে। এ জন্য এটি উচ্ছেদ করা হয়েছে।
