ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
ফকিরহাটের কানার পুকুর এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে খুলনাগামী ট্রাকের সংর্ঘষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এ ঘটনায় আহত হয়েছে ৩২ জন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও খুমেক হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিত্সার জন্য পাঠান ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ও স্থানীয়রা। নিহতদের মধ্যে ট্রাক ড্রাইভার কামরুল (৩২) সাতক্ষীরা সদর উপজেলার কামারনগর গ্রামের সামসুর জামানের পুত্র। টুঙ্গিপাড়া এক্সপ্রেসে থাকা ২৫ ও ৫১ বছর বয়সী নিহত দুজন পুরুষের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বেলা ৩টায় যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
