পদ্মা সেতুতে বসছে আরও একটি স্প্যান

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:৩২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে আরো একটি স্প্যান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে জাহাজে করে স্প্যানটি জাজিরার উদ্দেশ্যে রওনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ বুধবার এটি জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নং পিলারের উপর বসানো হবে। এটি হবে জাজিরা প্রন্তের ৬ষ্ঠ স্প্যান। এ ছাড়াও মাওয়া প্রান্তে আরো একটি পিলার বসানো হয়েছে। এ নিয়ে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৯শ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে। মাওয়া প্রান্তেরটিসহ দৃশ্যমান হবে এক হাজার ৫০ মিটার।

স্প্যানটি আরো পূর্বে বসানোর প্রস্তুতি ছিল কর্তৃপক্ষের। কিন্তু নাব্যতা সংকটের কারণে তা সম্ভব হয়নি। নাব্যতা সংকটের কারণে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যান নিয়ে বিশাল ভাসমান ক্র্যানটি যাওয়ার মতো পানি নদীতে ছিল না। এ তথ্যদিয়ে প্রকৌশলীগণ জানিয়েছেন, বেশকিছু দিন ধরে দিনরাত পদ্মা সেতুর চ্যানেলে নাব্যতা ফেরাতে ড্রেজিং করা হয়েছে। চায়না মেজর ব্রিজ কোম্পানির তিনটি ড্রেজার এবং স্থানীয় আরও চারটি ড্রেজারসহ সাতটি ড্রেজার দিয়ে ড্রেজিং করে পদ্মায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে।