নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
জেলার নন্দীগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের তেইশ বিঘা জমির তিনটি খড়ের পালা আগুনে ভস্মীভূত হয়েছে।
গত সোমবার মধ্যরাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামে কৃষক সেবা চন্দ্রের ২০ বিঘা জমির দুটি খড়ের পালা ও গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের ৩ বিঘা জমির একটি খড়ের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তেইশ বিঘা জমির তিনটি খড়ের পালা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে পুনাইল গ্রামে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সোমবার মধ্যরাতে হঠাত্ করে খড়ের পালায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিত্কার শুরু করে কৃষক সেবা চন্দ্রের পরিবারের সদস্যরা। তাদের চিত্কারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক সেবা চন্দ্র।
তিনি জানান, কে বা কারা শত্রুতামূলকভাবে এ অগ্নিসংযোগ করে।
অপরদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের পরিবারের লোকজন হঠাত্ করে খড়ের পালায় আগুন দেখতে পেয়ে চিত্কার শুরু করে। তাদের চিত্কারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এরপর নন্দীগ্রাম ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আয়েজ উদ্দিন।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন প্রধান বজলুর রশিদ লিডার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই।
