কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী শিবনগর গ্রামের বাসিন্দা ও দৈনিক জনতার সহসম্পাদক গোলাম আকতার ফারুক স্বপনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে জানা গেছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তাদের বসতঘর ও রান্নাঘরের আংশিক পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, একই বাড়ির মহিউদ্দিন হত্যা মামলার জামিনে থাকা আসামিরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে শনিবার (৬ ফেব্রুয়ারি) মেঘনা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। শনিবার বিকালে সাংবাদিক গোলাম আকতার ফারুক স্বপন জানান, তার জেঠাতো ভাই মহিউদ্দিন হত্যা মামলার অন্যতম সাক্ষী তার (ফারুক) বড় ভাই গোলাম ফকির আহমেদ। তাদের তিন ভাইয়ের কেউ বাড়িতে থাকেন না। এ সুযোগে শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাদের বসতঘরের চারদিকে ও রান্নাঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে থানার এসআই শাহাদাতের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
