গাজীপুরে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে মেট্রোপলিটন সদর থানা পুলিশ। মঙ্গলবার সকালে মহানগরের কলেরবাজার ভূইয়া বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম রনি (২৮) চাঁদপুর সদরের বাখরপুর এলাকার মুক্তিযোদ্ধা মো: আবদুল মতিন গাজীর ছেলে। নিহতের ছোট ভাই রুবেল জানায়, রনি গত তিন মাস পূর্বে ছয় মাসের ছুটিতে ওমান থেকে দেশে ফিরে। পরে গ্রামের বাড়িতে বিয়ে করে সে গাজীপুর মহানগরের ছোট দেওড়া পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসায় উঠে। ছুটির সময়টুকু কাজে লাগাতে ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি অটোরিকশা ক্রয় করে সে নিজেই চালাতো। প্রতিদিনের মতো সোমবার সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে দুপুরে খাওয়ার জন্য বাসায় ফিরে যায়। বিকালে আবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে রাত ১০টা বাজলে বাসায় ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার সকালে পুলিশের ফোন পেয়ে লাশ শনাক্ত করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক পরিমল বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর বকবুল হোসেন থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সাথে থাকা একটি বন্ধ মোবাইল ফোন চালু করে নিহতের স্বজনদের ফোন দিলে তারা এসে লাশটি শনাক্ত করে। নিহতের গলায় রশি প্যাচানো ছিলো। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
