সাঁথিয়ায় জোড়া খুন

প্রভাবশালী অর্থলোভীদের কারণেই দুই ভাইকে জীবন দিতে হলো!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৯

চার বছরের আরাফাত রহমান আদিল বিকাল হলেই মায়ের কাছে বায়না ধরে বাবার সঙ্গে বাজারে যাবে। সারাক্ষণ বাবাকে খুঁজে সে। কখন আসবে বাবা? কোথায় গেছে?—এমন নানা প্রশ্নের মুখে নিজের মুখটি আঁচলে ঢাকা ছাড়া মায়ের যেন কিছুই করার নেই। বলছিলাম নিহত মুন্নাফের স্ত্রী তিন সন্তানের জননী রুলিনার কথা। সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই বাজারে গত ১৬ জানুয়ারি সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফুপাতো ও মামাতো দুই ভাই নিহত হন। দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে মুন্নাফ ও বাচ্চুর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন পিটিয়ে ও কুপিয়ে মুন্নাফ (৩৮) ও নাসিরকে (৩৫) হত্যা করে প্রতিপক্ষরা।

মুন্নাফের স্ত্রী রুলিনা জানান, আমার স্বামী বিরোধপূর্ণ স্থানে ঘর তুলতে চাননি। পাইকশাই ও ধোপাদহ গ্রামের কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে সহায়তা করবে বলে মুন্নাফের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন; কিন্তু ঘটনার দিন তারা উপস্থিত ছিলেন না। তিনি আরো জানান, প্রতিপক্ষ বাচ্চু আমাদের সঙ্গে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতারা তা করতে দেন নি। তারা আমার স্বামী মুন্নাফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। বলেছিল, চাঁদা দিলে আমাদের পক্ষে কাজ করবে। রুলিনার দাবি, প্রভাবশালী অর্থলোভীদের কারণেই বিরোধ মীমাংসা না হওয়ায় দুই ভাইকে জীবন দিতে হলো। তাঁর দাবি—এলাকায় শিক্ষক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও রাজনৈতিক নেতার সমন্বয়ে একটি চক্র রয়েছে। ঐ চক্র মানুষকে বিপদে ফেলে চাঁদাবাজি করে থাকে। রুলিনা তার স্বামীর হত্যাকারীদের ফাঁসির দাবি করেন। ঘটনার দিন রাতে রুলিনা খাতুন বাদী হয়ে ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে এক সন্তানের জননী নিহত নাসিরের স্ত্রী একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দুই চোখে অন্ধকার দেখছেন। স্বামীর হত্যাকারীদের ফাঁসি চান নাসিরের বিধবা স্ত্রী।