গত ১০ বছর মমতা ব্যানার্জির জমানায় নির্মমতা দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। গতকাল রবিবার পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সভায় এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘গোপন বন্ধুত্ব থেকে সাবধান থাকুন। পর্দার আড়ালে সিপিএম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা চলছে। দিল্লিতে একসঙ্গে বসে রণকৌশল তৈরি করেন তারা। কেরালায় সিপিএম পরিচালিত বামফ্রন্টের সঙ্গে জাতীয় কংগ্রেসের সমঝোতা রয়েছে। পাঁচ বছর এক দল লুটপাট চালায়, তো পরের পাঁচ বছর অন্য দল। পশ্চিমবঙ্গেও একই ষড়যন্ত্র চলছে।’
পাশাপাশি নরেন্দ্র মোদির অভিযোগ, ‘ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের ভারত সরকারের প্রকল্প থেকে বঞ্চিত করে রেখেছে। বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তারা সবাই প্রাপ্য সুবিধা পাবেন। তাই বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন হবে।’
দিল্লি ও সংলগ্ন অঞ্চলে দুই মাসের বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলন প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। যারা মা-মাটি-মানুষের কথা বলেন, ভারতমাতাকে নিয়ে তাদের কোনো আবেগ নেই। তাই আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে দিদির (মমতা) মুখ থেকে একটা কথাও বের হয় না।’
তিনি বলেন, ২০১১ সালে গোটা ভারতের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বামপন্থি হিংসা ও দুর্নীতির ইতি হওয়ার উপক্রম হয়েছিল। মমতা দিদি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ যা পেল তা পরিবর্তন নয়, বামপন্থিদের পুনরুজ্জীবন।
