প্রধানমন্ত্রীর গাইডলাইনে করোনা মোকাবিলায় সফল দেশ ---------- সালমান এফ রহমান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৯

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন,   কোভিড-১৯ করোনা মহামারিতে দেশের অবস্থা যখন বিপর্যস্ত তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে গাইড লাইন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপ ও বিভিন্ন পরামর্শে দেশ আজ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। রবিবার দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়েজিত প্রথম ধাপে করোনার টিকা কার্যক্রম প্রদান উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমাদের সবারই টিকা নেওয়া খুবই জরুরি। এতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব। তাতে দেশের অর্থনীতির চাকা আরো সচল হবে। এমপি আরো বলেন, আমার স্বপ্ন দোহার নবাবগঞ্জের স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নতি সাধন করা। এখানে একটি নার্সিং ইনস্টিটিউট বাস্তবায়নে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাকসুদুর আমীন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মঈনুল আহসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়াসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এদিকে দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, সহকারী পুলিশ সুপার সাগর সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনীর প্রথম ধাপে নবাবগঞ্জে ৫০০ ও দোহারে ১০ জনকে টিকা প্রদান করা হয়।