বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে গড়ে উঠতে পারে সহযোগিতা বলয় -------------পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৩২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সার্কের বাইরেও বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আলাদা একটি আন্তঃসম্পর্ক সহযোগিতা বলয় গড়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী ভারত, ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগে সম্মতি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত ‘বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান আঞ্চলিক সহযোগিতা, সম্ভাবনা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

এ কে আব্দুল মোমেন বলেন, আমরা চাই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। সেজন্য আমাদের প্রতিবেশী চারটি দেশের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ভারতে কিছু বিশেষ ট্রাকের ট্রায়াল যাতায়াত শুরু হয়েছে। খুব শিগগিরই ভুটানেও আমাদের ট্রাক যাবে বলে আশা করি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শীতের সময় আমাদের যথেষ্ট এনার্জি পাওয়ার থাকে যা আমরা পার্শ্ববর্তী দেশগুলোকে দিতে পারি। আবার অন্য সময় প্রয়োজন অনুযায়ী আমরা তাদের কাছ থেকে এনার্জি নিতে পারি। এছাড়া দেশের ডিজিটাল উন্নয়নের জন্যও আমরা তাদের কাছ থেকে সহযোগিতা গ্রহণ করতে পারি। একইসঙ্গে ট্যুরিজমে গিভ অ্যান্ড টেক পদ্ধতি ব্যবহার করে আরো উন্নয়ন সম্ভব।

এর আগে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্কের সাবেক পরিচালক আব্দুল হান্নান। তিনি তার প্রবন্ধে বলেন, সার্ক বা সার্কের মতো আন্তঃসম্পর্ক অর্থনৈতিক সহযোগিতার জন্য। কিন্তু বর্তমানে সেসব বিনিয়োগ হতাশাজনক। এমন নেতিবাচক সময়ে বিবেচনা পূর্বক ৪টি দেশ নিয়ে একটি আঞ্চলিক সম্ভাবনা সহযোগিতা বলয় গড়ে উঠতে পারে। এছাড়া ৪ দেশের মধ্যে অর্থনৈতিক, ব্যবসা-বাণিজ্য এবং স্থল ও আকাশ পথে যোগাযোগের সঙ্গে সঙ্গে নৌপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের কথা বলেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের লিভার বিভাগের বিভাগীয় প্রধান মামুন আল মাহতাব স্বপ্নিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সোসাইটি ফর ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি অধ্যাপক বালাদাস ঘোষাল, সাবেক রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান, সমপ্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্টজনেরা।