ডিএসসিসির সাবেক প্রশাসকসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০০:৩২

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বলধা গার্ডেন সংলগ্ন প্রায় দুই হাজার বর্গফুট সড়ক মিথ্যা তথ্য দিয়ে লিজ দেওয়ার অভিযোগে ডিএসসিসির ওই সময়ের প্রশাসক ও অতিরিক্ত সচিব খলিলুর রহমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন।

এজাহারে বলা হয়, টিকাটুলির বলধা গার্ডেনের পশ্চিম পার্শ্বের সীমানা সংলগ্ন ডিএসসিসির মালিকানাধীন জমির ব্যাপারে মিথ্য তথ্য দিয়ে তা লিজ পাবার জন্য ৪৩ জনের পক্ষে ডিএসসিসিতে একটি আবেদন করা হয়। ওই আবেদনপত্র গ্রহণ করে প্রশাসক খলিলুর রহমান প্রধান সম্পত্তি কর্মকর্তা বিলাল হোসেন, সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী ও কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ মুরাদ হোসেন ও মুহাম্মদ বাচ্চু মিয়ার মাধ্যমে যাচাই বাছাই করার। অথচ তারা কেউ সঠিক ভাবে ওই জমির কোনো যাচাই বাছাই করেনি। মিথ্যা তথ্যের ভিত্তিতে আবেদন করা ওই আবেদনের বক্তব্য সঠিক বিবেচনা করে একটি প্রতিবেদন তৈরি করা হয়। পরে খলিলুর রহমান ওই আবেদন প্রস্তাব অনুমোদন করেন এবং আবেদনকারীদের অনুকূলে বরাদ্দপত্র দিয়ে দখল বুঝিয়ে দেন।

মামলায় খলিলুর রহমান ছাড়াও ডিএসসিসির সার্ভেয়ার (সাময়িক বরখাস্ত) মুহাম্মদ মুরাদ হোসেন ও মুহাম্মদ বাচ্চু মিয়া, কানুনগো (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা (বর্তমানে-উপসচিব ও উপপ্রকল্প পরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউরেশন সেন্টার প্রকল্প) মোহাম্মদ দিদারুল আলমকে আসামি করা হয়েছে।

অন্যদিকে লিজ গ্রহীতাদের মধ্যে ৪৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, তাসাব্বির হোসেন, শহিদুল হাসান (সাগর), গিয়াস উদ্দিন, সারোয়ার হাসান (আলো), এ এস এম এ কাদের, ফাহমিদা আক্তার কুমকুম, সুরাইয়া আক্তার, ফারিয়া আক্তার নিশা, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম (বিপ্লব), মফিজুর রহমান পাবেল, ফারুক হোসেন, মানিক মানবিক, আব্দুল আজিজ, প্রাণতোষ চন্দ্র সরকার, মোহাম্মদ হাবিবুল হক, এহেসান উদ্দিন সাহিন, হাফিজ উদ্দিন, আমিনুল ইসলাম, রফিকুল বারী চৌধুরী, এনামুল হক, আ. হাদি, আবুল হোসেন, ইকবাল হাওলাদার, মনিরুজ্জামান, আহমেদ ইমতিয়াজ মন্নাফী, রশিদুল হক ভূঁইয়া, আকলিমা মালেক নিপা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, নার্গিস ইসলাম, শফিকুল ইসলাম, আবিদ রশিদ, এম আনোয়ার পারভেজ, মো. আরমান, জামিল আহমেদ চিশতী, সালেহ মোহাম্মদ কবির, বাতেনুর হক বাঁধন, মো. রানা, সুনিল চন্দ্র পাল, মোকলেসুর রহমান, নুরজাহান বেগম ও এহসানুল আলম।