চিটাগং ভাইকিংসের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সও রাজ্যের হতাশায় ডুবালো ঢাকা ডায়নামাইটসকে। বিপিএলের ষষ্ঠ আসরে টানা দ্বিতীয় ম্যাচ হারলো সাকিব আল হাসানের দল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারে ঢাকাকে ৭ রানে হারিয়েছে কুমিল্লা। আট ম্যাচে ঢাকার এটি তৃতীয় হার। সমান ম্যাচে কুমিল্লার এটি পঞ্চম জয়।
কুমিল্লার দেওয়া ১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেনি ঢাকা। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দলটি। পঞ্চম উইকেটে সাকিব-আন্দ্রে রাসেলের ৬২ রানের জুটিতে ম্যাচে ফিরেছিল ঢাকা। সেই জুটি ভেঙে দেন থিসারা পেরেরা। আন্দ্রে রাসেল ২৪ বলে ৪৬ রান (২ চার, ৫ ছয়) করে ফেরেন। দলীয় ১১২ রানে রাসেলের বিদায়ের পর ১০ রানের মাঝে আরও তিন উইকেট হারায় ঢাকা ডায়নামাইটস। সাকিব, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ফেরেন সাজঘরে। শেষ ওভারে ১৯ রান দরকার হলেও ১১ রান তুলে ৯ উইকেটে ১৪৬ রান করতে সমর্থ হয়। নারিন ২০, সাকিব ২০, দারউইশ রাসুলি করেন ১৯ রান। কুমিল্লার থিসারা পেরেরা তিনটি উইকেট নেন।
এর আগে টসে হেরে ব্যাট করে ৮ উইকেটে ১৫৩ রান তুলেছিল কুমিল্লা। শামসুর রহমান ৪৮, তামিম ইকবাল ৩৪, থিসারা পেরেরা ২৬, শহীদ আফ্রিদি ১৬ রান করেন। ঢাকার পক্ষে সাকিব তিনটি, রুবেল-আন্দ্রে রাসেল দুটি করে উইকেট পান।
গতকাল দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ছয় উইকেটে পরাজিত করেছিল খুলনা টাইটান্সকে। আট ম্যাচে রংপুরের এটি চতুর্থ জয়। অন্যদিকে সমান ম্যাচে সাতটি হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল খুলনা।
প্রথমে ব্যাট করে খুলনা ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেছিল। ব্রেন্ডন টেইলর ৩২, শান্ত ৪৮, মাহমুদউল্লাহ ২৯, উইজ অপরাজিত ৩৫ রান করেন। রংপুরের ফরহাদ রেজা ৩২ রানে চারটি উইকেট নেন। জবাবে ক্রিস গেইল-অ্যালেক্স হেলসের হাফ সেঞ্চুরিতে তিন বল বাকি থাকতে ৪ উইকেটে ১৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয় রংপুর। গেইল ৫৫, হেলস ৫৫, ডি ভিলিয়ার্স ৪১, রুশো অপরাজিত ১০ রান করেন।
