>> মল্লিক ওয়াসি উদ্দিন
২০১৭ সালে আত্মপ্রকাশ করা ‘কাল’ ব্যান্ডের সকল সদস্যই তরুণ। এদের সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা সদ্য বিশ্ববিদ্যালয়ের সীমানা পার করা অর্ধ-বেকার। আত্মপ্রকাশের পর থেকেই নিজস্ব গান পারফর্ম করে আসা এই ব্যান্ড দলের সদস্যরা অবশ্য সংগীত জগতে একেবারেই আনকোরা নন। ভোকাল বাপন ও বেসিস্ট দীপ একসঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতানো ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’তে। গিটারিস্ট ইমরান আর ড্রামার ফাহিমও একসঙ্গে প্রায় ১০ বছর গান করেছেন চট্টগ্রামে। তাদের কথায় আরো জানা হয়, ব্যান্ডের সকলেরই গানের হাতেখড়ি একেবারে ছোটবেলা থেকে। ছোটকাল থেকে গান করতে করতে এখন এই ব্যান্ড মিউজিকেই কেন? অনেকের মতে হালের আধুনিক কালে ব্যান্ড মিউজিক এখন পড়তি জমানায়— এমন কথার উত্তরে ব্যান্ডের ম্যানেজার শুভ বলেন, ‘আমাদের চোখে তো ব্যান্ড মিউজিক এখনো অনেকটাই তরুণ! হ্যাঁ, হয়তো ইন্ডাস্ট্রির পলিসিগত সমস্যার কারণে যারা ব্যান্ড করেন তারা অর্থনৈতিকভাবে খুব একটা লাভবান হচ্ছেন না, অনেকে সরেও যাচ্ছেন এ কারণে। কিন্তু দিনশেষে ব্যান্ড মিউজিক শ্রোতাকে যে আবেগ আর অনুভূতি দেয় তা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। তাই আমরা আশা করছি, পুরো মিউজিক ইন্ডাস্ট্রিই এই দৈন্যদশা থেকে আবার ঘুরে দাঁড়াবে।’ ‘কাল’র সদস্যরা সকলেই সংগীতচর্চায় খুবই সিরিয়াস। অর্থনৈতিক দিক দিয়ে দেখলেও এই ব্যান্ডের প্রকাশিত প্রথম দুটি গান ‘কৃতজ্ঞতা’ ও ‘বৃষ্টি বিষাদ’ তৈরি করা এবং একইসঙ্গে শৈল্পিক মিউজিক ভিডিও তৈরি করতে খরচার ধাক্কা কম নয়। কিন্তু এতে এই উদ্যমী তরুণরা দমবার পাত্র নন।
ব্যান্ডটির সদস্যদের মধ্যে যে যতটুকু পেরেছেন সাধ্যমতো টাকা ঢেলেছেন; সময় দিয়েছেন গান আর মিউজিক ভিডিও নির্মাণের কাজে। এখনো নিজেদের কারো সেরকম কোনো আলাদা আয়ের উত্স না থাকলেও এই তরুণরা আগামীদিনে আরো গান বানাতে চান। আশা রাখছেন—দর্শকের মন জয় করতে পারলে সকলের সাহায্য আর উত্সাহে তাদের এই শিল্পচর্চা আরো সহজ গতিতে চলবে।
‘কাল’ ব্যান্ডের বর্তমান লাইন-আপ: হিমাদ্রি দেবরায় বাপন (কণ্ঠ), ইমরান খান (গিটার), মাহতাব দীপ (বেজ গিটার), মোহাম্মদ ফাহিম (ড্রামস), জয় গোস্বামী (অতিথি, কী-বোর্ড), দীপ দীপঙ্কর (অতিথি, বেজ গিটার) মো. আলি আকবর শুভ (ম্যানেজার)।
