রূপগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় প্রতিবন্ধীদের মধ্যে চেক বিতরণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের নানা শ্রেণি-পেশার লোকের সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মতবিনিময় করেছেন। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহ্জাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অবৈধ ইটভাটা, নদী দখলদার ও নামসর্বস্ব হাউজিং প্রকল্পের সাইনবোর্ড উচ্ছেদ করা প্রয়োজন। কৃষিজমি জবরদখল করে বালু ভরাট করা উচিত নয়। মাদক নির্মূল করতে হবে। পরে প্রতিবন্ধীদের মধ্যে অনুদানের চেক ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।