লাকসামে মাহফিলে মাওলানাকে লাঞ্ছিত করলেন চেয়ারম্যান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৯

মাহফিলের মঞ্চে উঠে ওয়াজরত এক মাওলানার মাইক কেড়ে নিয়ে তাকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পণ্ড হয়ে যায় মাহফিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম নিজেই এ কাণ্ড ঘটান বলে জানা গেছে। গত রবিবার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার বিকালে ফেসবুকের ভেরিফাইড পেজে মাওলানা হাসিবুর রহমান গাড়ি ভাঙচুরের ছবিসহ হামলার ঘটনার বর্ণনা করেন। সঙ্গে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি প্রশ্ন রাখেন, এমন লোকেরা জনপ্রতিনিধি হয় কী করে? এদেরকে কারা লালনপালন করে?

জানা গেছে, ঐ দিন চেয়ারম্যানের নেতৃত্বে তার বাহিনী মাওলানা হাসিবুর রহমানের গাড়ি ভাঙচুর করে। অবস্থা বেগতিক দেখে জীবন বাঁচাতে মাওলানা হাসিবুর রহমান লাকসাম থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে ও তার সফরসঙ্গীদের নিরাপদ জায়গায় পৌঁছে দেন।

মাহফিল পণ্ড করতে গেলেন কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান শামীম বলেন, নিয়ম অনুযায়ী মাহফিলের অনুমতি নেওয়া হয়নি। সেদিন হুংকার দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ঐ সময় আমি এমন হুংকার না দিলে মাহফিলে উপস্থিত প্রায় ১০-১২ হাজার লোক আমাকে মেরে ফেলত। লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ইত্তেফাককে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এই বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেব।

এদিকে, গতকাল শামীমের পক্ষের লোকজন এলাকায় মিছিল করেছে। প্রসঙ্গত, নিজাম উদ্দিন শামীম লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকও তিনি।