পুরান ঢাকার লালবাগে ছুরিকাঘাতে আহত হয়েছেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন। মঙ্গলবার বিকালে ওই ঘটনার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ছাড়াও জসিম উদ্দিন ঢাকা মহানগর কমিটিরও সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পুরান ঢাকার জামিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক। প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার পারিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার আসরের নামাজের পর জসিম উদ্দিন লালবাগ মাদরাসার দক্ষিণ ফটক থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। লালবাগ শাহী জামে মসজিদের প্রধান ফটক পার হওয়ার পরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি পেছন থেকে তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন ধাওয়া করেও হামলাকারীকে ধরতে পারেনি।
কেন বা কারা তাকে ছুরিকাঘাত করতে পারে জানতেই চাইলে জসিম উদ্দিনের ভায়রা ও হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা যোবায়ের আহমদ বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না’। তবে তিনি সংগঠন নিয়ে বিভক্তি ও মাদরাসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছেন।
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসলাম জানান, মাদরাসার কাছেই মাওলানা জসিমকে ছুরি মারা হয়। এতে তার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হলেও তিনি শংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ইত্তেফাক/এএএম
