প্রিয়জনকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না, মানতে ইচ্ছে হয় না কোনো নিয়ম। তারপরও ভালোবাসা দিবসে আয়োজনের কোনো কমতি থাকে না। এই দিনকে ঘিরে একেক জনের ভাবনা একেক রকম। কারও কাছে বিশেষ দিন, আবার কারও কাছে খানিকটা বাড়াবাড়ি। শোবিজ তারকাদের কাছে বিশেষ এই দিবসের গুরুত্ব কতটুকু সেটা নিয়েই লিখেছেন ইমরুল নূর
আফরান নিশো
কখনো কখনো আমরা ভালোবাসাকে অনেক বড় করে দেখি, অনেক সময় জাহির করার চেষ্টা করি আবার অনেক সময় ছোটও করে ফেলি; কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। সত্যিকার অর্থে, ভালোবাসা হচ্ছে একটা অনুভূতির নাম। এটার যেমন ডার্ক সাইড আছে তেমনই কালারফুল সাইডও আছে। ভালোবাসা কখনো ধূসর, কখনো রঙিন। আর আমি শুধুমাত্র একটা দিনকে ঘিরে ভালোবাসাকে বিশ্বাস করি না। আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসার। তবে এটা একটা দিনকে ঘিরে পালিত হয়, উত্সব-আমেজ হয়, আলাদা করে একটু বাড়তি এটেনশন দেওয়া হয়; সেটা ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা দিনেই যে প্রিয়জনকে বা পরিবারকে, বন্ুবান্বকে ভালবাসবো; এমনটা হওয়া উচিত না। ভালোবাসাটা হওয়া উচিত প্রতিটা দিনের, সারাটা বছরের। ভালোবাসা দিবস যেহেতু একটা ইভেন্ট আর ইভেন্ট মানেই হচ্ছে কাজ। সেহেতু প্রফেশনালিজমের জায়গা থেকে এ দিবসকে ঘিরে বিশেষ কাজ করতে হয় দর্শদকের জন্য। পরিবারের কথা যদি বলি, আমার প্রিয় মানুষটাকে, আমি শুধু একদিনের জন্য নয়, প্রতিটা দিনের জন্যই ভালোবাসি।
মেহজাবীন চৌধুরী
যেটা নিয়ে আমরা জন্মাই, যেটার কারণে বেঁচে থাকি—সেটাই হচ্ছে ভালোবাসা। এর বাইরে এই ভালোবাসাটাকে ব্যাখ্যা দেওয়ার মতো আমাদের ডিকশনারিতে পর্যাপ্ত শব্দ নেই। কারণ, আমাদের প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে কাজে ফেরা, কাজ শেষে আবার বাসায় ফেরা; সবকিছুই আসলে ভালোবাসার জন্য। অনেকসময় অনেকেই বলেন, নাটকে কি রোমান্স ছাড়া কিছু নেই? আসলেই ভালোবাসা ছাড়া কিন্তু পৃথিবী অচল। এককথায় যদি বলি তাহলে বলব, ভালোবাসাটা হচ্ছে বেঁচে থাকার কারণ। আর এটা শুধু প্রিয়জনেই সীমাবদ্ধ নেই, পরিবার, বন্ধুবান্ধব থেকে শুরু করে সবার জন্যই। ভালোবাসা দিবসে দর্শকদের জন্য বিশেষ কাজ থাকছে। আর ভালোবাসা দিবসের কাজ শেষে ছোট্ট একটা ছুটিতে থাকব পরিবারের সঙ্গে।
সিয়াম আহমেদ
বিশেষ দিন, বিশেষ মানুষটার জন্য। সবাই বলে, ভালোবাসা শুধু একটা দিনকে ঘিরেই নয়, প্রতিটা দিনই ভালোবাসার; আর আমিও সেটাই বিশ্বাস করি। কিন্তু বিশেষ দিনগুলো আমাদেরকে সেই কথাটাই মনে করিয়ে দেয়— আমাদের জীবনে যারা গুরুত্বপূর্ণ তাদের কাছে ফিরে যাওয়া উচিত একটা সময়ের পরে অথবা দিনের শেষে। এই ভালো লাগাটাই একটা বিশেষ কিছু। আর এবার ভালোবাসার দিবসে আমার প্রিয়জনকে খুব সারপ্রাইজ দিব! সেটা হচ্ছে এদিন আমি দেশের বাইরে থাকব।
অর্চিতা স্পর্শিয়া
ভালোবাসা মানেই হচ্ছে একটা সুপ্ত অনুভূতি। সেটা বিশেষ কারো প্রতি। সেটা প্রিয়জন হতে পারে আবার পরিবারের প্রতিও। শুধু প্রিয়জনকে ঘিরেই ভালোবাসা হয় না; পরিবার, বন্ধুবান্ধব সবাইকে ঘিরেও হতে পারে। কেউ হয়তো তার প্রিয়জনের সঙ্গে সময় দিতে ভালোবাসে কেউ-বা পরিবারে বাবা-মায়ের সঙ্গে। আমরা ভালোবাসার জন্যই বেঁচে থাকি।
ইমরান মাহমুদুল
আমার কাছে মনে হয়, ভালোবাসা আসলে কোনো দিবসকে ঘিরে নয়, প্রতিটা দিনই হওয়া উচিত ভালোবাসার। প্রিয়জন তার প্রিয়জনকে ভালোবাসবে, পরিবারকে ভালোবাসবে, বন্ধুদেরকে ভালোবাসবে। ভালোবাসা দিবস কখনোই আমি বিশেষভাবে উদ্যাপন করি না। এ দিবস ঘিরে আমার কিছু বিশেষ গান থাকে, এবারও রয়েছে। গতকালই প্রকাশ পেয়েছে আমার নতুন গান ‘হূদয় একটা আয়না ২.০’। ভালোবাসা আসলে আলাদা কোনো বিষয় না, এটা যে কোনো কিছুর প্রতি হতে পারে। কাজ, শখ যে কোনো কিছুর প্রতিই হতে পারে। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, যার কারণে আমার কাছে ভালোবাসার আলাদা কোনো সংজ্ঞা নেই। যদিও আমরা ভালোবাসা দিবস বলতে শুধু প্রিয়জনকেই মিন করি, আসলে কিন্তু তা নয়। দেখা গেলো যে এবারের ভালোবাসা দিবসে কেউ তার পরিবারকে নিয়ে উদ্যাপন করতে পারে, আবার বন্ধুদের নিয়ে প্ল্যান করতে পারে, আবার এ-ও হতে পারে কারও একটা প্রিয় জায়গা রয়েছে সেখানে চলে যেতে পারে! দিনটাকে যে যেভাবে ভালো থাকে সেভাবেই উদ্যাপন করে।
জাকিয়া সুলতানা কর্ণিয়া
ভালোবাসা বলতে আমি বুঝি কারো প্রতি বিশেষ অনুভূতি, আবেগ ও সম্মান। বিশেষ করে আমার পরিবার অর্থাত্ আমার মা, বোন আর আমার স্বামীর প্রতি। আর ভালোবাসা মূল্যায়িত হয় বিশ্বাস, সম্মান, সততা এবং স্বচ্ছতাকে ঘিরে। প্রেম-ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে এ বিষয়গুলোই দরকার হয়। আর এগুলো যেখানে থাকে না, সেখানে ভালোবাসা মর্যাদা পায় না। আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। সবার ভালোবাসা মূল্যায়িত হোক। আর এবার ভালোবাসা দিবসেও শো আছে। শো নিয়ে ব্যস্ত থাকব।
