‘ভিউয়ের ট্রেন্ডে আমি নেই’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

মা হ মু দু ল  আ মি ন

 

নতুন বছরের শুরুটা চিত্রনায়িকা পূর্ণিমার বেশ ভালোভাবেই হয়েছে। শুধু তাই নয়, তিনি প্রথমবারের মতো কাজ করতে চলেছেন ওয়েব ফিল্মে। ‘মুন্সিগিরি’ ফিল্মটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী। এ নিয়েও বেশ উচ্ছ্বসিত ‘মনের মাঝে তুমি’ খ্যাত এই নায়িকা।

‘মুন্সিগিরি’ নিয়ে পূর্ণিমা বলেন, ‘আমি তো আসলে পর্দার জন্যই কাজ করেছি। সেখান থেকে নতুন এই ওটিটি প্লাটফর্মের জন্য করা এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। এ মাসের ১৫ তারিখ থেকেই আমার আর চঞ্চলের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যে অমিতাভ রেজার বাবা মারা গেলেন। এখন সেসব পরিস্থিতি সামলে কবে তিনি কাজ শুরু করেন, দেখা যাক!’

তিনি আরও বলেন, ‘ফিল্মটি নিয়ে আমাদের লুক টেস্ট বাকি রয়েছে, গল্প-স্ক্রিপ্ট নিয়ে বসা, তারপর শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সেল করা বাকি রয়েছে। যেহেতু সবকিছু নিয়ে এখনো বসা বাকি তাই এখনই গল্প, চরিত্র নিয়ে কিছু বলতে পারছি না।’ প্রথমবার ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য অনেকের মত এই প্লাটফর্মটা আমার জন্যও নতুন। কারণ, এবারই প্রথম কাজ করছি। সে অর্থে এখনও কোনো অভিজ্ঞতা নেই। ‘মুন্সিগিরি’ দিয়েই আসলে শুরু করতে যাচ্ছি। নেটফ্লিক্স, অ্যামাজনে মানুষ মান্থলি পেমেন্ট করে কন্টেন্ট দেখছে। আর বাংলাদেশে যেসব ওটিটি প্লাটফর্ম আসছে সেসব অ্যাপস কিনে দর্শক যদি দেখে তাহলে আমার মনে হয় এটারও ভবিষ্যত্ ভালো। কিন্তু এখানে পাইরেসির বিষয়টা আমি জানি না ঠিক।’

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘বাস্তব’ সিনেমার ‘বুক চিন চিন করছে হায়’ গানটি চলতি সপ্তাহে (অরিজিনাল গানটি) কোটি ভিউ পার করেছে। ‘শিল্পী’ নাটকে এ গানটি নতুন আয়োজনে ব্যবহার করা হয়েছে। প্রকাশ্যে আসার পর এটি রীতিমত ভাইরাল, ফিরছে দর্শকের মুখে মুখে। এ নিয়ে পূর্ণিমার ভাষ্য, ‘আমি নাটকটি দেখিনি এখনো, তবে গানের বিভিন্ন ক্লিপস দেখেছি। আসলে এখন কোটি ভিউয়ের একটা ট্রেন্ড চলছে; আর এই ট্রেন্ডে আমি নেই। এখন নাটকে ব্যবহার করায় হয়তো এটা নতুন করে আলোচনায় এসেছে বা কোটি ভিউ হয়েছে। এই গানটা বহু বছর আগের পুরনো গান, অনেক জনপ্রিয় একটা গান। এটা ছাড়াও আমার সিনেমার অনেক জনপ্রিয় গান রয়েছে যেগুলো এখনো দর্শকের মুখে মুখে ফিরে। এখন ইউটিউবের কারণে সেসব গান নতুন করে মানুষ শুনছে, দেখছে। আর আমাদের তখনকার সময়ে তো ইউটিউব ছিল না, থাকলে এতদিনে সেগুলো অনেক ছাড়িয়ে যেত। তখন মানুষ সিনেমা হলে গিয়ে দেখত। কোটি কোটি দর্শক দেখতে যেত সিনেমা হলে। অনেক বক্সঅফিস হিট সিনেমা দিয়েছি, আমরা সেগুলো নিয়ে খুশি থাকতাম।’ ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমার আপডেট জানাতে গিয়ে তিনি বলেন, ‘গাঙচিল’ সিনেমার কাজ প্রায় শেষ। দশভাগের মতো কাজ বাকি আছে। এটার জন্য নোয়াখালী শুটিং করতে হয়েছে আমাদের। যার জন্য সেখানে একবারে থেকে কাজ শেষ করতে পারিনি। এরপর করোনা চলে এলো। সবকিছু মিলিয়ে অনেকটা সময় লাগছে। এখন দেখা যাক এ বছর বাকি কাজটুকু শেষ হয় কি না!  আর ‘জ্যাম’-এর কাজ আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল,  কিন্তু কোনো কারণে সেটি এখন আটকে আছে।’

মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। এই শো’র মাধ্যমে আড়াই বছর পর আবারো একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে পূর্ণিমা বলেন, ‘মার্চ মাস পুরোটা এই শো নিয়েই থাকব। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছিলাম। সেটা ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আবারো একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাওয়াটা আমার জন্য সম্মানের বলেই মনে করি।’