তবুও আলোচনায়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তারা সুতারিয়া। সেটা ২০১৯ সালের কথা। ছবিটিতে তার সঙ্গে আরো একজন নতুন নায়িকার অভিষেক হয়েছিল। নায়ক টাইগার স্রফের বিপরীতে দুই নায়িকার একজন হয়েও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন সুন্দরী এই তন্বী নতুনমুখ। বছরের সেরা সম্ভাবনাময় নতুন মুখের অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি। এর মধ্যে তারা জি সিনে অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে পুরতে পেরেছিলেন। সেই একই বছরে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন রোমান্টিক সিনেমা ‘মারজাভা’য় এক বোবা তরুণীর ভূমিকায় চমত্কার অভিনয়ের মাধ্যমে দর্শকদের আরেক দফা মুগ্ধ করেন ২৫-এ পা রাখা এই তন্বী অভিনেত্রী। দুটি ছবিতে অভিনয় করেই বলিউডে মোটামুটি সাড়া তুলেছেন তারা সুতারিয়া। এরপর গত বছরে কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। করোনা মহামারির তাণ্ডবে তেমন কাজকর্ম হয়নি বলিউডে, ফলে নতুন কোনো সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত হতে দেখা যায়নি বেশির ভাগ তারকাকে। সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে সবাইকে মুগ্ধ করলেও গত বছরটি বলতে গেলে বেকার কাটাতে হয়েছে তাকে। নতুন সিনেমার কাজে ব্যস্ততা না থাকলেও বিভিন্ন মিডিয়ায় আলোচনা ও সংবাদের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ঘুরেফিরে তার ফ্যাশন, স্টাইল, জীবনযাপন, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানো ইত্যাদি বিষয়নির্ভর সংবাদ প্রচারিত হয়েছে। ফলে বছরজুড়ে সবার মনোযোগ এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা সুতারিয়া। হয়তো করোনা মহামারির কারণে অচলাবস্থা সৃষ্টি না হলে তার ক্যারিয়ারে নতুন সিনেমার কাজের ব্যস্ততা থাকতো। আরো আগে থেকেই অভিনেতা সুনীল শেঠি তনয় আহান শেঠির সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘তাড়াপ’ ছবির কাজ শুরু করেছিলেন। করোনার কারণে ছবিটির কাজ মাঝপথে থেমে যায়। তা না হলে এতদিনে তারা সুতারিয়া-আহান শেঠি জুটির রোমান্টিক অ্যাকশন ছবিটি মুক্তি পেয়ে যেত। ইতিমধ্যে বলিউডে করোনাকালীন স্থবিরতা কাটিয়ে নতুন করে সবাই ব্যস্ত হয়ে উঠেছেন। সেই সূত্রে কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তারা সুতারিয়া। দর্শকনন্দিত ‘এক ভিলেন’ ছবির সিক্যুয়ালে অভিনয় করছেন তিনি আদিত্য রায় কাপুর, জন আব্রাহাম ও দিশা পাটানির সঙ্গে। এ ছবিতে তার অভিনীত চরিত্রটি একজন গায়িকা। ‘এক ভিলেন’-এর সিক্যুয়ালে অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয়ের পাশাপাশি নিজের গাওয়া গানে ঠোঁট মেলাবেন তিনি। ইতিমধ্যে ছবিটির জন্য নিজের কণ্ঠে গাওয়া গান রেকর্ড করেছেন তারা। গায়িকারূপেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নতুন প্রজন্মের সুন্দরী আবেদনময় এই অভিনেত্রী। ওদিকে প্রথম অভিনীত ছবির নায়ক টাইগার স্রফের বিপরীতে ‘হিরোপান্তি টু’ ছবিতে অভিনয় করবেন তারা। অ্যাকশন রোমান্টিক ঘরানার এ ছবিটিও তার জন্য বড় ধরনের সাফল্য বয়ে আনবে বলে ধারণা করা যাচ্ছে। মাস মিডিয়া বিষয়ে ব্যাচেলর ডিগ্রি নেওয়া তারা সুতারিয়া হলিউডি ফ্যান্টাসি ছবি ‘আলাদিন’-এ অভিনয়ের জন্য নির্বাচিত হয়েও বাদ পড়ে যান। তার পরিবর্তে হলিউড অভিনেত্রী নাওমি স্কটকে নেওয়া হয়। হলিউডে ক্যারিয়ার শুরু করতে পারলে হয়তো জীবনটা অন্যরকম হতো, তবে তাতে কোনো অতৃপ্তি কিংবা হতাশা নেই। কারণ বলিউডেও তার কদর রয়েছে, এখানে দর্শকদের মনোযোগ কেড়েছেন আপন যোগ্যতায়। হাতে যে কয়েকটি নতুন সিনেমা রয়েছে সেগুলো মুক্তি পেলে হয়তো বলিউডে অন্যতম গুরুত্বপূর্ণ তারকা হয়ে উঠবেন— তেমন প্রত্যাশায় বুক বেঁধেছেন তারা সুতারিয়া।