মুক্তির পথচলা...

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

কা ম রু জ্জা মা ন  মি লু

 

মুক্তি অভিনীত প্রথম ছবির নাম ‘তুমি আছো হূদয়ে’। এরপর শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে তার নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান। এরপর মুক্তিকে আর চলচ্চিত্রে দেখা না গেলেও ছোটপর্দায় তিনি নাটক এবং বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। এরমধ্যে ওটিটি (অ্যান ওভার দ্য টপ) প্লাটফর্মের ওয়েব সিরিজের কাজের প্রস্তাব পেলেও না করেছেন। মুক্তি এ প্রসঙ্গে বলেন, ‘দুঃখজনক হলেও এটি সত্যি। কারণ কাজগুলো করতে পারিনি। কারণটা হচ্ছে—গল্পের বিষয়, বাজেট এবং চরিত্র মনমতো পাইনি। তাই করা হয়নি। অনেকদিন ধরে শোবিজে কাজ করছি। তাই বেছে ঠিকঠাক মনেরমতো কিছু কাজ করতে চাই এখন। বলতে গেলে মূলত সেই অপেক্ষায় আছি।’

সিনেমার কাজ আগেও করেছেন মুক্তি। তবে নতুন সিনেমায় লম্বা সময় কেনো নেই? মুক্তি এর জবাবে বলেন, ‘সিনেমার বর্তমান অবস্থা তো সবারই জানা। খুব খারাপ একটা সময় পার করছি আমরা। সিনেমা হল বাদ দিলাম, ওটিটিতে ফিল্ম রিলিজ করেও তো এখন আলোচনায় আসছে না। কারণ বড় পরিসরে ওটিটি প্লাটফর্ম এখনো আমাদের দেশে জমেনি। হয়ত সামনে জমবে। করোনার এই সময়ে চার-মাস ধরে যে কাজ শুরু হয়েছে, এটাই তো অনেক বড় রহমত বলে মনে করি আমি। ওটিটি প্লাটফর্মে তো নিয়মিত কাজ হচ্ছে এখন।’ মুক্তি আবার মুখ খুললেন। বললেন, ‘গুটিকয়েক শিল্পী-কলাকুশলীর মধ্যে আবদ্ধ না থেকে নির্মাতা, প্রযোজকদের একটু বের হয়ে কাজ করা উচিত। কারণ তারকাখ্যাতির চেয়ে ক্যারেক্টার আর্টিস্টের বেশি প্রাধান্য দেওয়া হয় বাইরের ওয়েব সিরিজগুলোতে। যে চরিত্রে যাকে প্রয়োজন ঠিক তাকেই নেওয়া হচ্ছে। পাশের দেশে এই অভ্যাসটা আছে। যেটা এখানে অনেকাংশে নেই। ওটিটিতে কাজ করার ইচ্ছে আছে আমার। তবে এখানে তবে নির্দিষ্ট গন্ডির মধ্যে নির্দিষ্ট কিছু শিল্পী নিয়ে বেশি কাজ হচ্ছে।’  এরমধ্যে পরিচালক রাশিদ পলাশের মিউজিক্যাল ফিল্ম ‘জোসনা করেছে আড়ি-তে কাজ করেছেন মুক্তি। পুরান ঢাকায় এর দৃশ্যধারণের কাজ হয়েছে। মুক্তি বলেন, ‘এর আগে মিউজিক্যাল ফিল্ম করা হয়নি। একজন সংগ্রামী নারীর গল্প থাকছে এতে। গজলের রানি বেগম আখতার জোসনার চরিত্রে কাজ করেছি। গানটি গেয়েছেন সম্পা দাস। সংগীত আয়োজন করেছেন বিবেক। এটি সামনে প্রকাশ হবে।’ এরপর পরিচালক মাবরুর রশীদ বান্নাহ পরিচালনায় ‘আমি বিয়ে করবো না’-তে কাজ করেছেন মুক্তি। ইউসিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এটি। এরপর মেহেদী হাসান হূদয়ের একটা সিরিজে কাজ করেছেন বলে জানালেন মুক্তি। তিনি বলেন, ‘এই সিরিজটার নাম ঠিক হয় নি। তবে অনেক সুন্দর একটা গল্পে কাজ করলাম। তৌসিফ ছিল আমার সহশিল্পী। বান্নাহদের আরেকটি সিজন করছি। নাম ‘বদমাইশ পোলাপাইন’। সিজন টু শুরু হবে। এখানে মারজুক রাসেলের বিপরীতে কাজ করেছি। আর কী কাজ নিয়ে কথা চলছে? মুক্তি বলেন, ‘বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পাচ্ছি অনেক। তবে বাজেটে না মেলার কারণে করা হচ্ছে না।’