জোকোভিচের ঘাম ঝরানো জয়

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২

ভেনাসের বিদায়

  স্পোর্টস ডেস্ক

ফ্রান্সেস টিয়াফোর নাম অনেক দিনই মনে রাখবেন নোভাক জোকোভিচ। যে কোনো গ্র্যান্ড স্লামেই কোয়ার্টার ফাইনালের আগপর্যন্ত প্রতিপক্ষকে উড়িয়ে দিতে খুব একটা কষ্ট হয় না ১৭ টি গ্র্যান্ড স্লাম জয়ী এই খেলোয়াড়ের। আর অস্ট্রেলিয়ান ওপেন হলে তো কথাই নেই। কেননা প্রতিযোগিতাটির সবচেয়ে সফল খেলোয়াড় তিনি।

আর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই কি না জোকোভিচ দ্বিতীয় রাউন্ড জিতলেন ঘাম ঝরিয়ে। যুক্তরাষ্ট্রের টিয়াফোকে ৬-৩, ৬-৭(৩-৭), ৭-৬(৭-২), ৬-৩ গেমে হারিয়ে তৃৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি।

 প্রখর রৌদ্রের মধ্যে দুর্দান্ত এক ম্যাচ উপহার দেওয়া প্রতিপক্ষকে ধন্যবাদ জানিয়ে আসরের আটবারের চ্যাম্পিয়ন বলেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। যখন সূর্যের আলো কোর্টে ছিল তখন প্রচণ্ড গরম ছিল। অসাধারণ লড়াইয়ের জন্য ফ্রান্সেসের সঙ্গে আবারও করমর্দন করতে চাই। খুবই দুর্দান্ত একটা ম্যাচ ছিল।’ পুরুষ এককে তৃতীয় রাউন্ড পাড়ি দিয়েছেন ডমিনিক টিম, আলেক্সান্ডার জভেরভও। এদিকে নারী এককে বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস। খেলার মাঝখানে আঘাত পান গোড়ালিতে। তার পরও লড়াই চালিয়ে যান সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী খেলোয়াড়। কিন্তু সারা এরানির কাছে ১-৬, ০-৬ গেমে হেরে যান তিনি। ভেনাস হারলেও জয় পেয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা উইলিয়ামস। সার্বিয়ার নিনা স্টোজাভিচকে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দেন তিনি। এছাড়া নারী এককে জয় পেয়েছেন সিমোনা হালেপ, নাওমি ওসাকারাও।