আলজাজিরার প্রতিবেদন নিয়ে জাতিসংঘের তদন্তের দাবি বিএনপির

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৯

বাংলাদেশ নিয়ে আলজাজিরায় প্রচারিত প্রতিবেদনের অভিযোগ সম্পর্কে জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই দাবি জানান। তিনি বলেন, ‘আলজাজিরার প্রতিবেদন শাসনের অভাবে মানবাধিকার লংঘন তথা দুঃশাসনের এক বিশাল ক্যানভাসের কেবলেই ক্ষুদ্র চিত্র। সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে জাতিসংঘ এই বিষয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে যে তদন্তের আহ্বান জানিয়েছে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রতি বিএনপি পূর্ণ সমর্থন ঘোষণা করছে এবং জাতিসংঘকে তার নিজস্ব পদ্ধতিতে আলজাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানাচ্ছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আলজাজিরার প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর সত্যতা যাচাই না করেই সরকার প্রতিবেদনটিকে ঢালাও ভাবে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে আখ্যায়িত করেছে। অথচ সঠিক তথ্যের প্রকাশই হচ্ছে ভুল তথ্যের জবাব। আর অপপ্রচার থেকে ভাবমূর্তি পুনরুদ্ধারের উপায়ও হচ্ছে আসল সত্য তুলে ধরা। কিন্তু সরকার প্রতিবেদনের মূল বিষয় বস্তু উহ্য রেখে খণ্ডিত তথ্য অথবা প্রান্তিক বিষয়ের ওপর ভর করে ‘ষড়যন্ত্রের তত্ত্ব’ প্রকাশ করে চলছে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সিঙ্গাপুর থেকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও আবদুল মঈন খান।