মোহামেডানের নির্বাচন ৬ মার্চ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮

অবশেষে মোহামেডানের নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন হবে আগামী ৬ মার্চ। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত আগামী ৬ মার্চ শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সকালে সাধারণ সভা এবং বিকালেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও মোহামেডানের ইনডিপেনডেন্ট চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের অফিস বোর্ডরুমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। অ্যাটর্নি জেনারেল ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার ছাড়াও চার নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোতাহের হোসেন রাজু, ব্যারিস্টার ইউসুফ খান রাজীব, ব্যারিস্টার অনুকূল তালুকদার ডাল্টন। এছাড়াও মাহবুব আনামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে এজিএম সম্পন্ন করার জন্য।

২২ ফেব্রুয়ারি সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি, শুনানির আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার রিয়াজুল কবীর কাওছার ঘোষণা করেছেন সর্বশেষ তালিকা অনুযায়ী ২১৩ জন পুরাতন সদস্য, ১২৯ জন নতুন সদস্য, মারা গেছেন ১১ জন এবং এখন সব মিলিয়ে ৩৩১ জন সদস্য রয়েছেন তারা ভোট দিতে পারবেন এবং নির্বাচনও করতে পারবেন।

একজন সভাপতি এবং ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন বিক্রি শুরু হবে। সভাপতি পদের জন্য ৫০ হাজার ও পরিচালক পদের জন্য ১০ টাকায় মনোনয়ন কেনা যাবে। ১ মার্চ দাখিল করে ৩ মার্চ সকালে ১০টা হতে ১২টা পর্যন্ত বাছাই আপত্তি, শুনানি, তালিকা প্রকাশ এবং রাত ৮টায় প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৪ মার্চ চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে। দুই দিন পরই নির্বাচন।

ইত্তেফাক/এমআর