গন্ধরাজ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১

ধানের খেতে বাতাস যেমন    

ঢেউ তোলে,

দুলছে তেমন ছোট্ট দোলন     

মা’র কোলে।

 

চুলগুলো তার আঁচড়ে দিলেন   

ঠিক করে,

কী বুঝে যে হাসলো দোলন     

ফিক করে!

 

টিপে দিলেন মামণি তার         

গাল দুটো,

দিয়েছিলেন হাতে গোলাপ       

কাল দুটো।

 

আরো দিলেন নরম গালে        

নাক ঘষে,

হাসলো দোলন এমন যেন       

প্রাজ্ঞ সে।

 

তাতে হলো মামণিটার            

মন দরাজ,

কারণ দোলন হাস্নুহেনা           

গন্ধরাজ।