খিড়কি ফাঁকে উঁকি মেরে দেয় পাখিরা ডাক
ডাক শুনে এই ভরদুপুরে লাগল মনে তাক।
পাখির গানে সুরের টানে মনটা ছুটে যায়
চোখ-ইশারায় মেঘবালিকা বলল, কাছে আয়।
খুব খুশিতে আনন্দেতে ছুটে গেলাম যেই
তার আদরে প্রেমচাদরে হূদয় হারায় খেই।
নদীর তীরে কাশের বনে ঘাসফড়িংয়ের দোল
তালে তালে নদীর জলে উঠলো কলরোল।
গুনগুনাগুন গানে গানে বসে ফুলের গায়—
মৌমাছিরা আয়েস করে ফুলের মধু খায়।
শাপলা ফুলের পাপড়ি মেলে তাকায় ঝিলের জল
পদ্মফুলের সুবাস মেখে তৃপ্ত মনের তল।
হঠাত্ মায়ের কোমল হাতের পরশ পেলাম যেই
দেখি আমি জানলাপাশে, অন্য কোথাও নেই।
