এখন চলছে কোন্ মাস? আষাঢ় না শ্রাবণ?
বাইরে বৃষ্টি হচ্ছে খুব, এখন কি বৃষ্টির মাস তবে?
আমাজন থেকে সেই কবে একটি বই কিনেছিলাম,
কোথায় যে রেখেছি এখন খুঁজেই পাচ্ছি না।
বইটির নাম যেন কী, ভুলে গেছি! বুক শেলফে
কোথায় লুকিয়ে আছে কে জানে। হাতঘড়িটা কাল
সারাঘর খুঁজেছি। শেষে দেখলাম, ওটা বাম হাতের কব্জিতে।
চশমাটা যে কোথায় রেখেছি, কিছুতেই মনে করতে পারছি না।
একসময় আমার রান্নার শখ ছিলো খুব। এখন গুলিয়ে
ফেলি সব কিছু, এখন কিচেন যেন এক গোলক-ধাঁধা!
কোথায় লুকিয়ে থাকে রসুন আর আদা, কালোজিরা,
দারুচিনি, এলাচির গুঁড়া! স্মৃতির উপর ধুলোবালি জমেছে অনেক।
মাঝে মাঝে মাথার ভেতরে যেন খেলা করে প্রাগৈতিহাসিক অন্ধকার
তুমি চলে যাবার পর এইসব ভুল আমার দখল নিয়েছে।
তোমার নামটা যেন কী?
