২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শিশুমৃত্যুর ঘটনায় ইমার্জেন্সি বিভাগ ভাঙচুর করেছেন স্বজনরা। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জরুরি বিভাগ থেকে তিন জনকে আটক করে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলের বাবুল মিয়ার ছেলে আলভী এলাহী (১০) বিদ্যুত্স্পৃষ্ট হলে বুধবার তাকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়।
জরুরি বিভাগের চিকিত্সক ডা. এ বি এম মুছা চৌধুরী জানান, রোগীটি আসার পরই তার স্বজনদের জানানো হয়, তার অবস্থা আশঙ্কাজনক। ঢাকায় নিয়ে যেতে হবে। দ্রুত চিকিত্সা দিয়ে সার্জারি বিভাগে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। এরপর উত্তেজিত স্বজনরা আমাদের ওপর হামলা করে। আমি রক্ষা পেলেও কাঁচের বেষ্টনী ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তবে মৃত আলভীর বাবা বাবুল মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলেকে জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিত্সা দিয়ে সার্জারি বিভাগে ভর্তি করার পর, দীর্ঘ সময় ধরে চিকিত্সা পাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা ফেলে রাখা হয়েছে আলভীকে। চিকিত্সায় অবহেলার কারণে আলভীর মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, চিকিত্সক ও নার্সদের লাঞ্ছিত করা ঠিক হয়নি। জরুরি বিভাগের কাচের বেষ্টনী ভেঙে ফেলেছে নিহতের স্বজনরা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তিন জনকে আটক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হবে। তবে সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
