বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের খেলা এবং ভেন্যু চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল গেমস স্টিয়ারিং কমিটির সভা শেষে জানানো হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে গেমসের বিভিন্ন খেলা। ৩১টি ডিসিপ্লিনে খেলা হবে। এর মধ্যে সাতটি খেলা হবে ঢাকার বাইরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল হলেও ক্রিকেট হচ্ছে না মিরপুর স্টেডিয়ামে। নারী ক্রিকেট হবে সিলেটে এবং পুরুষদের খেলা হবে বরিশালে। ১-৭ এপ্রিল আরচারি হবে কুয়াকাটায়। ৫-৮ এপ্রিল কারাতে হবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি হল, ২-৫ এপ্রিল রাগবি রংপুরে, ২-৯ এপ্রিল টেনিস রাজশাহীতে, ৪-৯ এপ্রিল ভলিবল নড়াইলে, ৫-৯ এপ্রিল ভারোত্তোলন ময়মনসিংহে, ৬-৯ এপ্রিল উশু বিকেএসপিতে হবে।
৩১ খেলার মধ্যে রয়েছে আরচারী, অ্যাথেলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, শরীর গঠন, বক্সিং, দাবা, ক্রিকেট, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, রোইং, রাগবি, রোলার স্কেটিং, শুটিং, টিটি, টেনিস, তায়কোয়ানডো, ভলিবল, রেসলিং, উশু।
