ভালোবাসার গল্পের নাটকে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২০:১৫

 

মা হ মু দু ল  আ মি ন

 

লাক্সতারকা মেহজাবিনের নাটক মানেই একটি অন্যরকম গল্প। রোমান্টিক গল্পের নাটকেই তাকে বেশি মানায়। তিনি এবার অভিনয় করলেন নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্র পরিচালনায় ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ছোট্ট পাখির বাসা’। সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এই নাটকের গল্পের শুরু থেকেই ট্র্যাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার রোমান্টিক গল্পের নাটক দেখে অভ্যস্ত, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এই ধরনের চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরও একটু বেশিই চ্যালেঞ্জিং। যারা সত্যিকার অর্থে নাটক ভালোবাসেন, নাটক বুঝেন তাদের জন্যই এ নাটক। নিশ্চয়ই যারা আমার অভিনীত নাটক নিয়মিত দেখেন তাদের নিয়ে ভাবনা তো ছিলই। যে কারণে এই নাটকে অভিনয়ে আমি আরও বেশি মনোযোগী ছিলাম। একটি রমু বেজড গল্পে স্বামী-স্ত্রীর মধ্যে চার-পাঁচটি অধ্যায়ের গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আমি খুবই আশাবাদী এ কাজটি নিয়ে। এ নাটকের মাধ্যমে দর্শকেরাও বিনোদিত হবেন নিঃসন্দেহে।’