ক্ষমা চেয়েও লাভ হচ্ছে না

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫২

ক্ষমা চেয়েও বিতর্কের মুখ থেকে বাঁচলেন না টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। নারী বিদ্বেষী মন্তব্যের কারণে শেষ পর্যন্ত পদত্যাগই করতে হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে। জাপানিজ গণমাধ্যমগুলোর মতে আজই পদত্যাগপত্র জমা দিবেন মোরি। টোকিও অলিম্পিক কমিটিতে ২৪ সদস্যের মধ্যে নারী আছেন পাঁচ জন। গত সপ্তাহে এক বক্তব্যে মোরি বলেছিলেন,  ‘নারীরা বেশি কথা বলে। যদি আমরা বোর্ডে নারী সদস্যের সংখ্যা বাড়াই, তাহলে তাদের কথা বলার জন্য সময় বেঁধে দিতে হবে। কারণ তাদের থামানো কঠিন, যা খুবই বিরক্তিকর।’ এমন মন্তব্যের পরই তোপের মুখে পড়েন ৮৩ বছর বয়সি মোরি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপান সরকার কঠোর সমালোচনা করেছেন তার মন্তব্যের। এমনকি নিজের পরিবার থেকেও রেহাই পাননি তিনি। ভুল বুঝতে পেরে ক্ষমাও চান মোরি।