দেশে শুরু হয়েছে ব্যাপক হারে করোনা টিকা দান কর্মসূচি। জেলা শহর ও উপজেলা পর্যায়েও চলে গেছে টিকা। সাধারণ জনগণ টিকা নিতে আগ্রহী কি না, সে ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে টেলিফোন ও ইমেইলে প্রাপ্ত পাঠকের মতামত আজ প্রকাশিত হলো
কোভিড-১৯-এর গণটিকাদান কর্মসূচি দেশ জুড়ে পুরোদমে চলমান। বাংলাদেশের মতো জনবহুল দেশে টিকাকেন্দ্রিক গণকার্যক্রম সফল করার লক্ষ্যে সঠিক পরিকল্পনায় নিয়মতান্ত্রিকভাবে টিকা গ্রহণ ও টিকা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা অতিপ্রয়োজন। পাশাপাশি টিকা গ্রহণ-পরবর্তী সময়ে কারো কারো ক্ষেত্রে স্বাভাবিক মাত্রার সহজে নিরাময়যোগ্য মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে ভীত কিংবা উদ্বিগ্ন হওয়া সমীচীন নয় বরং অগ্রাধিকার তালিকা অনুযায়ী পূর্ব নিবন্ধনের মাধ্যমে নির্ধারিত ডোজের দুটি টিকা সময়মতো গ্রহণ করা একজন সচেতন নাগরিক হিসেবে সংশ্লিষ্ট সবার দায়িত্ব। অমূলক টিকাভীতি ও অযাচিত বিভ্রান্তি পরিহারপূর্বক নিজে টিকানিয়ে কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত এই জনকল্যাণমূলক জাতীয় ‘টিকাদান কর্মসূচি’ সফল করার প্রত্যয় ধারণ আমাদের নাগরিক দায়িত্বেরই অংশবিশেষ।
ওয়ারেছ আলী খান, সদর, নরসিংদী।
যে কোনো মহামারি থেকেই বাঁচার আকুতি সবার আছে, এটাই স্বাভাবিক। এজন্যই বিজ্ঞানীরা মানবকল্যাণে নিজেকে উত্সর্গিত করছে, তৈরি করে চলেছেন ভ্যাকসিন। এরই ধারাবাহিকতায় কিছুটা দেরিতে হলেও ‘করোনা ভ্যাকসিন’ আবিষ্কৃত হয়ে বিভিন্ন দেশে টিকা দান কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের দেশেও শুরু হয়েছে ব্যাপক হারে করোনা টিকা দান কর্মসূচি। এক সময় কিছুটা ভীতি ছড়ালেও এখন তা স্বাভাবিক হয়ে আসছে। মানুষ দলে দলে টিকা নিচ্ছে।
উবাইদুল্লাহ তারানগরী
ধোবাউড়া, ময়মনসিংহ।
যেহেতু ভ্যাকসিন ছাড়া কোভিড-১৯ থেকে মুক্তির বিকল্প কোন উপায় আপাতত নেই, তাই ভ্যাকসিন নেওয়া অপরিহার্য বিষয়। গুজবে কান না দিয়ে এবং সেই সঙ্গে রাজনীতি আর ভ্যাকসিনকে এক করে ফেলা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। যার ইচ্ছে হবে ভ্যাকসিন নেবেন, ইচ্ছে না হলে ভ্যাকসিন নেবেন না, বিষয়টি মোটেই এমন হওয়া উচিত নয়। ব্যক্তিগত সুরক্ষার জন্য রেজিস্ট্রেশন করে বা সরাসরি প্রত্যেকটি সচেতন নাগরিকের টিকা নেওয়া উচিত। ভ্যাকসিনের ব্যবস্থাপনা আরো গোছানো ও সহজ হওয়া দরকার।
মোহাম্মদ শহীদউল্যা
মেরাদিয়া, ঢাকা।
টিকাদান একটি বিশাল কর্মযজ্ঞ। টিকা গ্রহণে আগ্রহীদের ভিড় দেখে যতোটা ভালো লেগেছে তার চেয়েও বেশি আশাহত করেছে কিছু অপ্রত্যাশিত অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা। যেমন রেজিস্ট্রেশন বুথে নারী ও পুরুষের জন্য আলাদা সারি না থাকা, সামাজিক বা শারীরিক দূরত্ব মানার প্রতি অসচেতনতা।টিকার প্রতি ক্রমশ মানুষের আগ্রহ বৃদ্ধির কথা বিবেচনা করে টিকার সুষম বণ্টন ও টিকাদান কাজে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্টদের মনোযোগ বাড়াতে হবে।
আবু ফারুক
সদর, বান্দরবান
সকল ভয় ও গুজবকে পাশ কাটিয়ে টিকা নেওয়া সচেতন নাগরিক হিসেবে সকলের কর্তব্য। তবে টিকাদানের মতো ভীষণ স্পর্শকাতর কর্মসূচি বাস্তবায়নে স্পষ্টতই কিছু অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত অব্যবস্থাপনা দূর করে শৃঙ্খলা আনয়ন করে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষদেরও টিকা গ্রহণে উত্সাহী করা।
এ এফ এম সালাহউদ্দীন
সদর, বান্দরবান
গত ৭ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ৪০ ঊর্ধ্ব বয়সি সব নাগরিকদের জন্য করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গত পাঁচ দিনে প্রায় ৭ লাখ লোক টিকা নিয়াছে—এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। চিকিত্সক, প্রকৌশলী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, মন্ত্রী পরিষদ, শিক্ষক, ব্যবসায়ী তথা সর্বস্তরের জনগণ করোনার টিকা নিচ্ছে।
নজরুল ইসলাম খান
জুরাইন, ঢাকা
সম্প্রতি দেশ জুড়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। করোনার টিকাদান কর্মসূচি দেশের মানুষের মনে কিছুটা ভরসার জায়গা করে নিয়েছে, কারণ করোনা প্রতিরোধে এই টিকা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। অনেকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা চিন্তা করে টিকা গ্রহণের প্রতি কিছুটা অনাগ্রহ প্রকাশ করেন। টিকা গ্রহণের সব নিয়মকানুন মেনে চলার মাধ্যমে দেশের মানুষের উচিত টিকা গ্রহণ করা।
ফারজানা বিনতে মুরাদ ঈরা
ঝিকরগাছা, যশোর
টিকা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্যের কারণে জনমনে একধরনের ভয়ভীতি কাজ করছে এবং সে কারণে অনেকে টিকা নিতে আগ্রহী হচ্ছেন না। এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মকাণ্ড এবং এর সঙ্গে বৈশ্বিক মহামারি মোকাবিলার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। টিকা নিয়ে জনগণের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি ও ভয়ভীতি না থাকে, তা দূর করতে হবে।
মেনহাজুল ইসলাম তারেক
পার্বতীপুর, দিনাজপুর।
ভ্যাকসিন সংগ্রহ থেকে শুরু করে বিনা মূল্যে প্রতিটি মানুষের দেহে তা প্রয়োগ পর্যন্ত সমগ্র প্রক্রিয়ার প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। করোনা নিয়ন্ত্রণে যেহেতু ভ্যাকসিন ছাড়া আর কোনো বিকল্প নেই এবং রাষ্ট্রীয়ভাবে এ টিকা দেওয়া হচ্ছে তাই ভীতি না ছড়িয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এই টিকা সকলেরই গ্রহণ করা উচিত।
বিলকিছ আক্তার
কাউনিয়া, রংপুর।
টিকা নেওয়ার ব্যাপারে জনগণের মধ্যে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে হবে। কেননা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে টিকা প্রদান শুরু হলেও এর পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে অধিকাংশ মানুষ এখনও ওয়াকিবহাল নয়। সব মিলিয়ে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করাটাই এখন সরকারের জন্য একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
মনিরুল হক রনি
সাভার, ঢাকা।
ব্যাপকভাবে করোনা টিকাদান কর্মসূচি চলছে। ঢাকাসহ উপজেলা পর্যায়ও এই কর্মসূচি এখন অব্যাহত। হাসপাতাল ও বিভিন্ন বুথে টিকা প্রদানের স্থানে আগ্রহীরা টিকা নিচ্ছেন। মানুষের মনে সংশয় দূর হয়েছে।
অ্যাড. রবিউল হোসেন রবি
পুরানা পল্টন, ঢাকা
বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনার টিকাদান কর্মসূচি চলছে। সরকার বিনামূল্যে করোনার টিকা প্রদান করেছে। জাতীয় স্বার্থে সবার টিকা নেওয়া উচিত। সকলে ভ্রান্তি, সংশয় কাটিয়ে টিকা নিতে আগ্রহী হয়ে উঠবে এটাই প্রত্যাশা।
ফারুক আহমেদ
বাগমারা, রাজশাহী
ব্যাপকভাবে করোনা টিকাদান কর্মসূচি চলছে। জেলা শহর ও উপজেলা পর্যায়েও চলে গেছে টিকা। এই কর্মসূচি সুষ্ঠু পরিকল্পনা মাফিক এগিয়ে যাক এটিই প্রত্যাশা ।
মাসুদ-উজ-জামান
চানখাঁরপুল, ঢাকা
দেশে শুরু হয়েছে ব্যাপকভাবে করোনা টিকাদান কর্মসূচি। টিকা নিয়ে যে মানুষের দ্বিধাদ্বন্দ্ব কিংবা ভয়ভীতি ছিল, সেসব কেটে যেতে শুরু করেছে। আশা করি দেশের প্রতিটি নাগরিক টিকা গ্রহণে এগিয়ে আসবে।
মেসবাহ উদ্দিন সেলিম
ইব্রাহিমপুর, ঢাকা
দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে গত রবিবার থেকে। মানুষের মধ্যে উত্সাহ উদ্দীপনা দেখা যাচ্ছে । টিকাদান কর্মসূচির সফলতা কামনা করছি।
রাসেল আহমেদ
মুগদা, ঢাকা
বয়সসীমা কমিয়ে আনার সঙ্গে সঙ্গে করোনা টিকার জন্য নিবন্ধন বেড়েছে। করোনা মহামারি মোকাবিলায় আমাদেরকে সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
সুলতানা জামান
মানিকনগর, ঢাকা
শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। সবারই নিবন্ধন করে টিকা নেওয়ার ব্যাপারে এগিয়ে আশা প্রয়োজন।
মো. শহীদুল ইসলাম রয়েল
মধ্যপাড়া, বগুড়া
শুরু হয়েছে ব্যাপকহারে করোনা টিকাদান কর্মসূচি। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে টিকা আগ্রহীদের ভিড় বেড়েছে। করোনা টিকার নিবন্ধন সহজ করার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ নিয়েছে। করোনা টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল-এমনটিই প্রত্যাশা।
আইরিন সুলতানা সন্জু
মাইজপাড়া, চট্টগ্রাম
টিকাদান কর্মপরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা অনুযায়ী সবাইকে টিকা দেওয়া হবে। সারা দেশে এই টিকাদান কর্মসূচি দিন দিন আরো প্রসারিত ও বেগবান হবে এমনটিই প্রত্যাশা সবার।
মুন্সী মোহাম্মদ ওয়াহীদ উল্লাহ
সদর, ফেনী।
করোনার টিকা নিয়ে নানা ভুলভ্রান্তি, সংশয় কেটেছে, দেশের নানা শ্রেণির মানুষ টিকা গ্রহণ করছে। রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে সকলের উচিত সরকারকে সহযোগিতা করা এবং টিকা গ্রহণ করা।
কবি আল-মায়ামী
ফুলবাড়িয়া, সাভার
করোনার টিকা কার্যক্রম শুরু হওয়ার পর মানুষের মধ্যে নতুন আত্মবিশ্বাস জন্মেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ টিকা গ্রহণের পর করোনার টিকা নিয়ে এতোদিন যে সব দ্বিধাদ্বন্দ্ব ছিল, সে সংশয় কেটে গেছে।
মাখরাজ খান
সাটুরিয়া, মানিকগঞ্জ
রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, এমপি, বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভ্যাকসিন গ্রহণ করায় সাধারণ মানুষ ভ্যাকসিন গ্রহণে অনিহা প্রকাশ থেকে বিরত থাকবে। টিকা গ্রহণ করে করোনা মহামারি থেকে মুক্ত হোক দেশবাসী-এই প্রত্যাশা আমাদের সকলের।
মুহাম্মদ আবুল কালাম
সরদারপাড়া, মুন্সীগঞ্জ
বাংলাদেশ সরকারের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কারণে করোনার টিকা স্বল্প সময়ের মধ্যে আমাদের হস্তগত হয়েছে। টিকা গ্রহণে যদিও জনমনে কিছুটা মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তবুও সচেতনমহলসহ অনেকেই টিকা গ্রহণ করছে। টিকা নিয়ে নিজেকে রক্ষার পাশাপাশি অন্যের সুরক্ষার ব্যাপারেও আমাদের সকলের এগিয়ে আসা কর্তব্য।
ভুঁইয়া কিসলু বেগমগঞ্জী
বেগমগঞ্জ, নোয়াখালী।
টিকার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে সম্মুখ সারির করোনা যোদ্ধাদের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি যতদ্রুত সম্ভব সাধারণ মানুষজনকেও টিকার আওতায় নিয়ে এলে করোনা সংক্রমণের অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে।
মোহাম্মদ ফয়সাল
পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম।
আমাদের দেশে ইতিমধ্যে করোনার যতগুলো টিকা প্রয়োগ করা হয়েছে তাতে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যারা টিকা নিতে পারবে না তাদের ব্যাপারেও সরকার সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন। যেহেতু সরকার রাষ্ট্রীয়ভাবে কোনো রকমের ফি এবং টাকা ছাড়াই এই টিকা প্রদান করছে, তাই রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আমাদেরও উচিত সরকারকে সহযোগিতা করা এবং টিকা গ্রহণ করা।
কামরুজ্জামান
শ্রীপুর, গাজীপুর।
