মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৩ রাউন্ড রাবার বুলেট ও ৪ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
স্থানীয় সূত্র জানায়, রাজনগর উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা সাহাজান খান ও ৮ নম্বর মনসুর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনগর উপাজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতের মধ্যে সরকারের উন্নয়নমূলক বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ রাজনগর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়। এ সময় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারেক আহমদ নামের একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জাকরিয়া।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
