উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া বলেন, মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সরকারকে বিশেষ পরিকল্পনা নিতে হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ মিলনায়তনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাসী ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণ করা হলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুরের সঙ্গে এক অভূতপূর্ব যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে দুই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে বলে তিনি মন্তব্য করেন।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে ও আরডিজেএ সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। সভায় আলোকচিত্রে একুশে পদক প্রাপ্ত আরডিজেএ সদস্য পাভেল রহমানকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে আরডিজেএ কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মানিক মুনতাসির, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এম. উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, অর্থ সম্পাদক সিরাজুস সালেকিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী, আরিফুল ইসলাম আরিফ, শাফিউল আল ইমরান, মোঃ মিজানুর রহমানসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসসিএস
