প্রখ্যাত সাংবাদিক ও দি বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক আবদুস
সালামের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ইংরেজি সাংবাদিকতার কিংবদন্তি এই সাংবাদিক ১৯১০ সালের ২ আগস্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালের এ দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক, পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক পূর্বপাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
এ উপলক্ষ্যে আবদুস সালামের পরিবারের পক্ষ থেকে ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। আবদুস সালাম স্মৃতি সংসদ ও পরিবারের উদ্যোগে সকালে মরহুমের বনানীস্থ কবরে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এবার বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির কারণে স্মরণসভার কর্মসূচি নেওয়া হয়নি। তবে আবদুস সালাম স্মারকগ্রন্থের প্রস্তুতির কাজ চলছে।
