রাজধানীর কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একজন ইঞ্জিন টেকনিশিয়ান নিহত হয়েছেন। তার নাম শরিফুদ্দিন হারুন (৫২)। শনিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর স্টেশন লোকোশেডের মধ্যে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুদ্দিনের সহকারী বাবুল হোসেন জানান, আজ সকালে কমলাপুর স্টেশনের লোকোসেডের একটি ইঞ্জিন মেরামতের কাজ চলছিল। তারা ওই দুজনসহ আরও কয়েকজন ওই ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। এমন সময়ে আরেকটা ইঞ্জিন হঠাৎ করে চলে আসায় ওই ইঞ্জিনের সঙ্গে শরিফুদ্দিন সজোরে ধাক্কায় আঘাত পান। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাবুল হোসেন আরও জানান, শরিফুদ্দিনের বাবার নাম মৃত তোফায়েল আহমেদ। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তবে শরিফুদ্দিন বর্তমানে পরিবার নিয়ে শাহজাহানপুর পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।’
ইত্তেফাক/কেকে
