বাংলাদেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে -------- নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে সংগঠিত হয়ে একত্রে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ এমপি নিক্সন গতকাল শনিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামেরদি ইউনিয়নের হামেরদি গ্রামে এক সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এমপি নিক্সন এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশও মানেন না। জননেত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার করেছেন, তিনি যদি সেটা মেনে না নেন তাহলে তো শেখ হাসিনাকেই তিনি মানেন না।’

হামেরদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মো. ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফায়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এ সময় যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহাদত্ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনষ্ঠানের শুরুতেই নেতাকর্মীদের নিয়ে এমপি নিক্সনের হাতে ফুলের নৌকা তুলে দিয়ে তাকে সমর্থন জানান হামেরদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোল্ল্যা মো. ফারুক।