ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৮

ভৈরবে শনিবার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিতাই সাহা (৬৫)। তিনি ভৈরববাজার ডাইলপট্টি এলাকার নিদাই সাহার ছেলে। নিহতের স্বজনরা জানান, ডায়াবেটিস থাকায় নিতাই ভোরে বাসা থেকে হাঁটাহাঁটির জন্য বের হন। শহরের ত্রি-সেতু এলাকায় বৈশাখী মেলার মাঠে হাঁটাহাঁটি করার সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, নিহতের বাঁপায়ে উরুর নিচে ও পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।